খুলনা-নড়াইলের সীমান্তর্বী এলাকায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হায়াত মোল্লা গাজীরহাট বাজার এলাকার খলিল মোল্লার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন কর্মী বলে দলীয় সূত্র জানিয়েছে। তার চাচা মফিজুল ইসলাম ঠান্ডা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান। হায়াত গাজীরহাট বাজারের একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে গাজীরহাট বাজার থেকে হেঁটে সীমান্তবর্তী সড়ক পার হয়ে নড়াইলের কালিয়া উপজেলার অংশে গেলে একদল দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত খুলনায় পাঠানো হয়।
ঘটনাস্থলটি নড়াইলের কালিয়া উপজেলার মধ্যে হলেও এটি দিঘলিয়ার গাজীরহাট এলাকার সীমান্তসংলগ্ন বলে স্থানীয়রা জানিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




