নেত্রকোনার কেন্দুয়া থানার আলোচিত ৯ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুর রহিমকে (৬৫) পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ জুন) ভোর ৫টায় রহিমকে কেন্দুয়া থানায় হস্তান্তর করে র্যাব ১৪।
ধর্ষণকারী রহিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ। গ্রেপ্তার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের বাসিন্দা।
কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া থানা পুলিশের সহায়তায় র্যাব-১৪ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই আসামি রহিম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনদিনের মাথায় অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথবাহিনী।’
তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশের সহায়তায় র্যব-১৪ এর একটি টিম গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে শিশু ধর্ষণকারী আব্দুর রহিমকে গ্রেপ্তার করে এবং শুক্রবার ভোর ৫টার দিকে কেন্দুয়ায় থানায় হস্তান্তর করে র্যাব। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’




