সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১২ জুন রাত ১০টার পর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে ১৩ জুন থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে বাঁশতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া একই মামলার সন্দেহভাজন আসামি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাড়দ্দাহ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




