ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ইনজেকশন সংরক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে এ জরিমানা করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের সদর রোড ও মাসুমা খানম স্কুল রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।
অভিযানে মাসুমা খানম স্কুল রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ইনজেকশন সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সদর রোডের যমুনা ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার দায়ে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও র্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ‘মানুষের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’



