চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল রবিবার (২৬ জুলাই) ভোর থেকে টানা ৪৮ ঘণ্টা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক, মিরসরাই-ফটিকছড়ি সড়ক এবং হেয়াকো-চট্টগ্রাম সড়কে এ হরতাল পালন করা হবে।
হরতালের সমর্থনে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাগান বাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, “সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যে স্থানে (পশ্চিম ভূজপুর মৌজা) নির্ধারণ করা হয়েছে, তা পুরোনো ফটিকছড়ি সদর দপ্তরের খুব কাছাকাছি। এতে উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান হবে না। দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে সদর দপ্তর স্থাপন করতে হবে।”
তিনি আরো বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ করা হয়। তবে সদর দপ্তরের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে দাঁতমারা, বাগান বাজার ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা শুরু থেকেই আন্দোলন করে আসছেন।




