সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় নিহতের বাবা কানাই লাল সরদার আহত হয়েছেন। নিহত কুশল সরদার খলিলনগর ইউনিয়নের নলতা সরদার পাড়ার কানাই লাল সরদারের ছেলে ও তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শাহপুর বাজার ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
আহত কানাই লাল সরদার জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের মা উপজেলার হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা ডুমুরিয়া উপজেলার চুকনগরে বসবাস করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে কানাই লাল সরদার মোটরসাইকেলে চুকনগর থেকে ছেলে কুশলকে নিয়ে তালায় আসছিলেন। পথে শাহপুর বাজার ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি বাস ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সরদার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা কানাই লাল সরদারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কুশলের বন্ধুরা জানান, আজ তাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। কুশল প্রতিদিন তার বাবার মোটরসাইকেল করে স্কুলে আসে। আজকেও তার বাবার মোটরসাইকেলে করে আসার পথে শাহপুর বাজার ব্র্যাক মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে মারা যান।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




