• ই-পেপার

ফেনীর অপহৃত চার তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার

চৌদ্দগ্রামে ভারত সীমান্তে নারীর মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে ভারত সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্য রেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে ৫০ বছর বয়সী এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া বেগম উপজেলার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। বুধবার (০১ জুলাই) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (৩০ জুন) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টায় দিকে জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ দেখতে পান এবং তা সঙ্গে সঙ্গে জগন্নাথদিঘী বিজিবি ক্যাম্পকে অবগত করেন। বিজিবির মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল করিম জানান, রোকেয়া বেগম জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি করতেন। তার এক ছেলে থাকলেও তিনি মায়ের নিয়মিত দেখাশোনা করতেন না। নিখোঁজ হওয়ার পর আমরা বিজিবির অনুমতি নিয়ে সীমান্তবর্তী বাগান এলাকায় খোঁজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পাই। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারছি না।

বিজিবি জগন্নাথদিঘী ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোর্শেদ বলেন, ‘মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন ভারত সীমান্তের ১৪১৩ নং পিলার সংলগ্ন এলাকায় রোকেয়া বেগম নামে ওই নারীর লাশ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।’

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল কুশল, বাসচাপায় মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল কুশল, বাসচাপায় মৃত্যু

সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় নিহতের বাবা কানাই লাল সরদার আহত হয়েছেন। নিহত কুশল সরদার খলিলনগর ইউনিয়নের নলতা সরদার পাড়ার কানাই লাল সরদারের ছেলে ও তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শাহপুর বাজার ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

আহত কানাই লাল সরদার জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের মা উপজেলার হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা ডুমুরিয়া উপজেলার চুকনগরে বসবাস করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে কানাই লাল সরদার মোটরসাইকেলে চুকনগর থেকে ছেলে কুশলকে নিয়ে তালায় আসছিলেন। পথে শাহপুর বাজার ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি বাস ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সরদার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা কানাই লাল সরদারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহত কুশলের বন্ধুরা জানান, আজ তাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। কুশল প্রতিদিন তার বাবার মোটরসাইকেলে করে স্কুলে আসে। আজকেও তার বাবার মোটরসাইকেলে করে আসার পথে শাহপুর বাজার ব্র্যাক মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে মারা যায়।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে মোট ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বুধবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১৩ জন ভর্তি আছে তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন ও একজন শিশু রয়েছে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিলেন।

আগুনে পুড়ল নারায়ণগঞ্জের একটি ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
আগুনে পুড়ল নারায়ণগঞ্জের একটি ঝুটের গোডাউন
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশেই একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আমরা পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে সক্ষম হই। সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’