• ই-পেপার

৫০ বছরের ‘ইতিহাস’ বদলানোর সুযোগ আ. লীগের!

এবার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ডাকাতি মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এবার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ডাকাতি মামলার আসামি
গ্রেপ্তার সম্রাট

জেল থেকে পালিয়ে যাওয়ার পর এবার গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে ডাকাতি মামলার এক আসামি।

রবিবার রাতে গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে ওই আসামিকে গারদখানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সম্রাট (২৭) নামের ওই আসামি।

তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে সদর মেট্রো থানা পুলিশ।

আজ সোমবার দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে গারদখানায় নেওয়া হয়। এসময় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত পালিয়ে যান তিনি।

ওসি আরো বলেন, ‘আসামি সম্রাটকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাত চিকন হওয়ায় সে এই সুযোগটি কাজে লাগায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। 

ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হবে। পালিয়ে যাওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

হত্যাচেষ্টা-বিস্ফোরক মামলায় পটিয়ায় আ. লীগ নেতা আবু জাফর গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
হত্যাচেষ্টা-বিস্ফোরক মামলায় পটিয়ায় আ. লীগ নেতা আবু জাফর গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আবু জাফর

চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবু জাফরকে (৫৫) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে পটিয়া পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবু জাফর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানীগ্রাম এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপরাধ দমনে পটিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানা ও মামলাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি আরো বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরো জোরদার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে তরুণী নিহত, আহত ১

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে তরুণী নিহত, আহত ১
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিন বছর বয়সী একটি শিশুও আহত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিবি হাফসা (১৮) ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত আব্দুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বর্ষা মৌসুমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু পরিবারের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারকাদের রাজনীতিতে এনে সংস্কৃতি-ক্রীড়াক্ষেত্রকে ক্ষতি করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
তারকাদের রাজনীতিতে এনে সংস্কৃতি-ক্রীড়াক্ষেত্রকে ক্ষতি করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘বিগত সরকারের সময় ক্রীড়াজগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে। দলীয় হীনস্বার্থে যাতে তাঁদের ব্যবহার করা না হয়, সে জন্য বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিচ্ছে।’

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কালচারাল ফ্যাসিজম একটি মনস্তাত্ত্বিক বিষয়। স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে।’

তিনি আরো বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে। যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেওয়া যায় এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরো সুসংগঠিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে কিভাবে যুগোপযোগী করা যায় এবং দলীয় হীনস্বার্থে যাতে এর ব্যবহার না হয়, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে চাই।’

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ