• ই-পেপার

৩০ কোটির হাসপাতাল ২ বছর ধরে তালাবদ্ধ

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রবিবার (২১ জুন)  বিকেলে উপজেলার বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।’

তিনি বলেন, ‘তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে। আমি বলব, সমাজে অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না।’ 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলার বিআরডিবি অফিসার মো:বাহারুল ইসলাম এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদ উদ্দিন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশের সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন  আহমেদ। দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার (২১ জুন) সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইয়ুব আলী মামলার ৯ নম্বর আসামি। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন। পরে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব আরো জানায়, মাসুদ রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে উদ্দেশে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পিস্তল ও শটগান ব্যবহার করে তাকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাঁশবাগানে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
বাঁশবাগানে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সজীব বেপারী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২১ জুন) দুপুরে বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামে একটি বাঁশবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সজীব বেপারী সজীব বেপারী (২৭) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও ওই যুবকের কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় জানায় পরিবার। পরে রববিার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সজীবের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর। নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঋণগ্রস্ত ছিল সজিব, তাই ঋণের চাপে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পানিবন্দি তিন হাজার মানুষ

জলাবদ্ধতায় বিপর্যস্ত ভাগ্যকুল

অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পানিবন্দি তিন হাজার মানুষ
ঘরের চারপাশে জলাবদ্ধতায় বাঁশের মাচায় বসে গৃহস্থালির কাজ সারছেন এক নারী। সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর এলাকায়। কালের কণ্ঠ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পূর্ব কামারগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সামান্য বৃষ্টিতেই এলাকার প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছে।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, ঢাকা-দোহার শাখা সড়কের বালাসুর দক্ষিণ অংশে জলাবদ্ধতার পানি সড়ক প্লাবিত করেছে। সড়কের পাশে ও আশপাশের বসতবাড়িতে জমে থাকা পচা পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। 

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন অনেক বাড়ির আঙিনা ও চলাচলের পথ তলিয়ে যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকায় জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। শিশুদের চর্মরোগ, জ্বরসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। একই সঙ্গে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করাও কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা ইউসুফ শেখ (৬৫) বলেন, আমি ২২ বছর ধরে এখানে বসবাস করছি। আগে এই এলাকায় ছয়টি কালভার্ট ছিল, যার মাধ্যমে পানি সহজে চলাচল করতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে মাটি ভরাট করে নতুন ভবন ও মার্কেট নির্মাণ করায় সেসব  কালভার্ট বন্ধ হয়ে গেছে। ফলে পানি বের হওয়ার পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। 

আরেক বাসিন্দা মো. সিয়াম শেখ বলেন, ‘জমে থাকা পানিতে মশা, পোকামাকড় ও সাপের উপদ্রব বেড়েছে। রাত হলেই ভয় লাগে। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি।’

ফাতেমা বেগম বলেন, নিজেদের ঘরবাড়ি থাকার পরও অনেক সময় অন্যত্র বাসা ভাড়া করে থাকতে হয়। পানি আর দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় না। আমরা সরকারের কাছে একটি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানাই।

স্থানীয় একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের প্রায়ই পানি ভেঙে বিদ্যালয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে  নোংরা পানি ভাঙার কারণে তাদের মধ্যে চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম সারেং বলেন, বিষয়টি অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো  হয়েছে। সাবেক সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও কয়েক বছর আগে এলাকা পরিদর্শন করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

স্থানীয় ব্যবসায়ী ও আলম মার্কেটের স্বত্বাধিকারী সামসু আলম বলেন, সমস্যা সমাধানে সরকারি কোনো প্রকল্প বা অনুদান এলে আমরা মালিকপক্ষ থেকেও সহযোগিতা করতে প্রস্তুত আছি। এলাকার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয়দের দাবি, অবৈধভাবে বন্ধ হয়ে যাওয়া পানি চলাচলের পথ ও ১৪ ইঞ্চি পাইপলাইন পুনরুদ্ধার করা এখন সম্ভব না। তাই  একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলে জলাবদ্ধতা সমস্যার  অনেকাংশে সমাধান হবে। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো  ভয়াবহ হবে।

দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শ্রীনগর সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। 

উপবিভাগীয় প্রকৌশলী এম এম হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সভায় থাকার অজুহাত দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত সরেজমিন পরিদর্শন করা হবে। বিষয়টি যে দপ্তরের এক্তিয়ারভুক্ত, তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সমাধানের জন্য জেলা উন্নয়ন সমন্বয়সভায় বিষয়টি তোলা হবে এবং নিয়মিত ফলোআপ করা হবে। 

৩০ কোটির হাসপাতাল ২ বছর ধরে তালাবদ্ধ | কালের কণ্ঠ