• ই-পেপার

পত্রিকা অফিসে ঢুকে হামলা, সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে আহত

উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ব্রেক ফেল করে ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মোশাররফ হোসেন বালী (৬১)। তিনি উজিরপুরের জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই তোবার হোসেন বালী।

জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘বিএমএফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সাময়িকভাবে মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটে তিন বছরের এক শিশুর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার দড়িদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের একটি শিশুর ভাড়া দাবি করেন স্পিডবোট চালক ইমরান। এ সময় ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছোট শিশুর ভাড়া না নেওয়ার পরামর্শ দিলে চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক ইমরান ঘাটের টোল আদায়কারী বাবুলের ওপর চড়াও হন। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।

এরপর ঘটনাটি মিটে যায়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ঘটনার পর পূর্বপাড়া ১ নম্বর ওয়ার্ডে কাদিরের দোকানে কয়েকজনকে নিয়ে একটি বৈঠক হয়। সেখানে পরবর্তী হামলার পরিকল্পনা করা হয় বলে তারা অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, সন্ধ্যার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্য আসাদুল্লাহ নামাজ শেষে পুবপাড়া ২ নম্বর ওয়ার্ডের গোরস্থানসংলগ্ন মসজিদ থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জন তাকে ঘিরে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, আসাদুল্লাহর ওপর হামলার খবর পেয়ে স্বজন ও ঘাট-সংশ্লিষ্ট কয়েকজন পূর্বপাড়া ঈদগাহ মাঠ এলাকায় গেলে সেখানে আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। হামলার একপর্যায়ে শরীফ নামের এক ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি জাহাঙ্গীর আলমের তলপেটে বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন জানান, স্পিডবোট ভাড়া নিয়ে সংঘাত হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

ওসি বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও ছেলে নিহত : পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও ছেলে নিহত : পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
সংগৃহীত ছবি

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার এক পরিবারের মা-মেয়ে ও ছেলে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া সই করা এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন। 

একই সঙ্গে দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তার বড় ছেলে নাবিলের দ্রুত সুস্থতা কামনা করে তাদের জন্য দোয়া করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন। দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, নিহত তিনজনের মরদেহ সৌদি আরবের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে পদ্মাসহ ৪ নদীর পানি, কোথাও কোথাও নদীভাঙন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে পদ্মাসহ ৪ নদীর পানি, কোথাও কোথাও নদীভাঙন
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জে গত ১৫ দিন ধরে পদ্মা, মহানন্দা, পূণর্ভবা ও পাগলা নদীর পানি বাড়ছে। এখনো পানি বিপৎসীমার অনেক নিচে প্রবাহিত হলেও বৃদ্ধির হার দ্রুত। সেই সঙ্গে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পদ্মা নদীর তীর ভাঙন। সাময়িকভাবে ভাঙন ঠেকাতে কোথাও কোথাও ফেলা হচ্ছে জিও ব্যাগ। 

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, গত ১০ জুলাই থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে। মৌসুমি এই বৃদ্ধি স্বাভাবিক। উজানে ভারতে বৃষ্টি ও ধেয়ে আসা পানির ঢল এর মূল কারণ। 

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তঘেঁষা ফারাক্কা বাঁধের অদূরে পদ্মা নদীর বাংলাদেশের পাংখা পয়েন্টে পদ্মার বিপৎসীমা ২২.০৫ মিটার। শুক্রবার (২৪ জুলাই) সকালে ওই পয়েন্টে পানি ১৮.৪৯ মিটারে প্রবাহিত হচ্ছিল। বিগত ২৪ ঘণ্টায় প্রবাহ ৯ সেমি বেড়েছে। গত ১০ জুলাই এই পয়েন্টে পানি ১৪.৮৭ মিটারে প্রবাহিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদীর বিপৎসীমা ২০.৫৫ মিটার। শুক্রবার মহানন্দা ১৭.০৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টায় প্রবাহ ১৭ সেমি বেড়েছে। ১০ জুলাই এই নদী ১৩.৭৪ মিটারে প্রবাহিত হয়। 

জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে পূণর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার। শুক্রবার এই নদী প্রবাহিত হচ্ছিল ১৭.৮৬ মিটারে। ২৪ ঘণ্টায় প্রবাহ বেড়েছে ২৩ সেমি। ১৪ জুলাই এই নদী ১৪.৭১ মিটারে প্রবাহিত হয়।

শিবগঞ্জের দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, পদ্মাপাড়ের খাকসাপাড়া, মনোহরপুর, দোভাগি ঘাইপাড়া এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। খাকসাপাড়া থেকে ৮টি পরিবার সরিয়ে নিতে হয়েছে। কিছু পটলের জমি নেমে গেছে। এসব স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

শিবগঞ্জের পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ৫ নম্বর ওয়ার্ড ক্রমাগত ভেঙে পদ্মায় প্রায় বিলীন হয়েছে। এখন ৮ নম্বর ওয়ার্ডে ভাঙন চলছে। গত চৈত্র মাস থেকে এসব এলাকার শতাধিক বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে।

সদরের নারয়ানপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, পদ্মাপড়ের ১, ৩, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পুরাতন ভাঙন আবার শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, ভারত থেকে আসা পানির কারণেই জেলার নদীগুলোর পানি বাড়ছে। তবে মৌসুমী এই বৃদ্ধির জন্য এখনও কোনো আশঙ্কা তৈরি হয়নি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কোনো সতর্কতা জারি করেনি। 

ভাঙন সম্পর্কে তিনি বলেন, ৭৪৮ কোটি টাকা ব্যয়ে পদ্মার উভয় তীর স্থায়ীভাবে রক্ষার একটি কাজ  শিগগিরই শুরু হবে। পানি বাড়া ও কমার সময় নদী ভাঙে বলেও জানান এই নির্বাহী প্রকৌশলী। 

পত্রিকা অফিসে ঢুকে হামলা, সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে আহত | কালের কণ্ঠ