বাগেরহাটের মোংলা ও রামপালে অনগ্রসর জনগোষ্ঠীর বসবাস। লবণাক্ততার কারণে এখানে আগের মতো ধান ও মাছ হয় না। নারীদেরও নানা সমস্যা। বিকল্প কর্মসংস্থানের অভাবে বেকারত্ব ও দরিদ্রতা বাড়ছে। তাই এখানকার শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই মোংলা ও রামপালের ৫০ জনকে বিদেশে পাঠানো হবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে মোংলা ও রামপালের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় এ সেক্টর এখন বিশালতায় রূপ নিয়েছে। বর্তমানে দেশের দেড় কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে।
তিনি বলেন, স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানো আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার এখন বাস্তবায়নের পথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির হিসেবে প্রশিক্ষণ দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।
এ সময় সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ ও বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




