রাষ্ট্রীয় কাজে বিদেশে অবস্থান এবং দেশে সংসদ অধিবেশন থাকায় সময়মতো কক্সবাজারের বন্যাদুর্গতদের দেখতে আসতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় এবারের ভয়াবহ বন্যার কারণে সড়ক, রাস্তাঘাট, মানুষের বসতবাড়ি, বেড়িবাঁধসহ যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যায়ক্রমে সবকিছু নতুন করে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন তিনি।
আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সড়কপথে সোজা চলে আসেন কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং পার্বত্য অববাহিকার মাতামুহুরী নদীসহ খরস্রোতা বিভিন্ন ছড়ায় নেমে আসা উজানের ঢলের পানিতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বেড়িবাঁধ, মানুষের বসতবাড়ি, সড়কসহ গ্রামীণ অবকাঠামো পরিদর্শনে। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথমে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেণ্ডিবাজার স্টেশন এলাকায়। এ সময় বন্যার্তসহ চকরিয়াবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন দেরিতে আসার কারণ জানিয়ে। পরে তিনি যান চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদীতীরের কোচপাড়ায়। সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর সালাহউদ্দিন আহমদ পরিদর্শন করেন মাতামুহুরী নদীর পশ্চিম তীরের ক্ষতিগ্রস্ত এক নম্বর গাইড বাঁধের। এ সময় মাতামুহুরী নদীর ভাঙন থেকে দুই তীর রক্ষায় টেকসই প্রকল্প নিতে নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নদীগর্ভে বিলিন হওয়া কোচপাড়ার বাক প্রতিবন্ধী ছালেহা বেগমকেব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা দেন। এছাড়াও বন্যায় যাদের বসতবাড়ি বিলীন হওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। পরে পৌরসভার নামার চিরিঙ্গা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের ভেতর বক্তব্য দেন তিনি। এসময় মুসল্লীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নদী এবং বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এই নির্দেশনার পর মুসল্লীরা মন্ত্রীকে সাধুবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ২ দিনের এই সফরে সঙ্গে রয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারি কমিশনার (ভূমি) রূপায়ন দেব, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, থানার ওসি মো. আরিফুর রহমান, বিজিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, দলের জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।