নরসিংদীর রায়পুরায় নাসির মিয়া (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়া ওই এলাকার ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির জঙ্গি শিবপুর বাজারে যান। এসময় দুর্বৃত্তরা তাকে একটি গুদামঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে সরাসরি জড়িত, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি নিহতের স্বজনরা।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নুসরাত বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর পর সেখানে থাকা লোকজন চলে যায়। নিহতের নাক ও মুখে রক্তের দাগ পাওয়া গেছে। নিহতের স্বজনরা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে কিছু জানাতে পারেননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।




