• ই-পেপার

রায়পুরায় বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

মিঠামইনে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
মিঠামইনে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
জাহেদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার একটি বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাদের পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনন্ত বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহেদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যু, বড়লেখায় শোক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যু, বড়লেখায় শোক

মৌলভীবাজারের বড়লেখায় একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই পরিবারে চলছে শোকের মাতম।

বুধবার (১৫ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান কাতারপ্রবাসী জাকির আহমেদ। এর একদিন আগে, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইতালিপ্রবাসী ফখরুল ইসলাম।

দুই প্রবাসীর বাড়িই বড়লেখা পৌরসভায়। জাকির আহমেদের বাড়ি মুড়িরগুল গ্রামে। আর ফখরুল ইসলামের বাড়ি ইয়াকুবনগরে। তিনি আব্দুল অকিদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কাতারে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান জাকির আহমেদ।

অন্যদিকে, ইতালি থেকে বাংলাদেশে ফেরার পথে তুর্কি বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফখরুল ইসলাম। পরে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। স্বজনরা মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী কল্যাণমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন তারা।

বন্যাদুর্গত এলাকায় মার্কসবাদী বাসদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বন্যাদুর্গত এলাকায় মার্কসবাদী বাসদের ত্রাণ বিতরণ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। 

বুধবার (১৫ জুলাই) তিনি উপজেলার গুনাগরী, কাহারঘোনা, সরল ইউনিয়নের বলিপাড়া ও আনন্দপাড়াসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে মাসুদ রানার নেতৃত্বে বাসদ (মার্কসবাদী)-এর একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে মাসুদ রানা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা জানান। তিনি সরকারি উদ্যোগে দ্রুত দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, বন্যা-পরবর্তী পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার, রিপা মজুমদার এবং বাঁশখালী উপজেলা সদস্যসচিব আবদুস শুক্কুরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

কমলগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি, মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি, মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা ও ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি।

বুধবার (১৫ জুলাই) কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৪৬ বিজিবি এ বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

ক্যাম্পটিতে ৪ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেন। দীর্ঘ সময় ধরে বন্যার পানিতে অবস্থান করায় পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হয়।

স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে শতাধিক দুস্থ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি। প্রতিকূল পরিস্থিতিতে একবেলা আহার পেয়ে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বন্যার কারণে সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের দুর্দশা লাঘবে এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি সব সময় আছে এবং আমাদের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলা বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চিকিৎসাসেবা পাওয়া স্থানীয়দের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এমন দুর্যোগপূর্ণ সময়ে বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সরকারি ও বেসরকারি এমন সহযোগিতা তাদের এই কঠিন সময় মোকাবেলায় সাহস জোগাচ্ছে।