ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ব্রেক ফেল করে ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মোশাররফ হোসেন বালী (৬১)। তিনি উজিরপুরের জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই তোবার হোসেন বালী।
জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘বিএমএফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সাময়িকভাবে মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’





