নানা প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতায় লাল ফিতায় দীর্ঘদিন বন্দি থাকা ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ ফাইল অবশেষে অবমুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার ( ১১ জুন) রাতে রংপুর মহানগর বিএনপির আহবায়ম শামছুজ্জামান সামুকে চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’।
নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা-এবার অপরিকল্পিত নগরায়নের চক্র ভেঙে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে রংপুর।
জেলা প্রশাসনের অফিস জানিয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য ২০১৪ সালের ৮ জুন মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় নীতিগত অনুমোদন পেলেও দীর্ঘ ১১-১২ বছর ফাইলবন্দি ছিল বিষয়টি। বিভিন্ন সময়ে খসড়া আইন প্রণয়ন, অংশীজনের মতবিনিময় সভা এবং প্রশাসনিক প্রক্রিয়া এগোলেও কার্যকর কোনো কর্তৃপক্ষ গড়ে ওঠেনি।
এনিয়ে রংপুর মহানগরের বাসিন্দাদের আন্দোলনের ফলে ২০২৩ সালে আবারও নতুন করে প্রক্রিয়ায় শুরু হলেও, অজ্ঞাত কারণে থেকে যায় গতি। তবে, ২০২৫ সালের নভেম্বরে ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর গেজেট প্রকাশের মাধ্যমে আইনি ভিত্তি পায় সংস্থাটি। পরবর্তীতে ২০২৬ সালে সংশোধিত অধ্যাদেশ জারি করে এর সাংগঠনিক কাঠামো আরও সুস্পষ্ট করা হয়।
কলেজ শিক্ষক আখতারুজ্জামান বলেন, ‘নগরবাসী চান, অবৈধ দখলমুক্ত ফুটপাত, প্রশস্ত ও পরিকল্পিত সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খাল ও জলাশয় পুনরুদ্ধার, শিশুদের জন্য উন্মুক্ত পার্ক, বিনিয়োগবান্ধব নগর পরিবেশ। রংপুরকে আর কাগজে-কলমে নয়, বাস্তবে একটি পরিকল্পিত নগরীতে পরিণত করতে হবে। দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়ন শুরু না হলে নতুন কর্তৃপক্ষও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।’
সুজন রংপুর জেলা কমিটির সভাপতি ফখরুল ইসলাম বেঞ্জু মনে করেন, জলাশয় ও খাল দখল,ফুটপাত ও সড়ক দখল,আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা,যানজট ও ড্রেনেজ সংকট,উন্মুক্ত স্থান ও সবুজায়ন কমে যাওয়া,এসব সমস্যা দিন দিন প্রকট হয়েছে। দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান ছাড়া রংপুরের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
রংপুর বিভাগ প্রতিষ্ঠার পরও নগর ব্যবস্থাপনায় পিছিয়ে ছিল শহরটি। এবার বদলে যাবে এমন প্রত্যাশা আমরা করি।
রংপুর চেম্বার ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল বলেন, ‘পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।’
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান শামছুজ্জামান সামু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি রংপুর নগরবাসীর উন্নয়নে তা যথাযত চেষ্টা করবো।’





