নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
তিনি জানান, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন। ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান। ডা. ইসমাঈল আল রাজিব মাদকাসক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত ছিলেন। এ কারণে অতীতেও তাকে অপসারণের দাবি উঠেছিল। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালে স্টাফদের মাধ্যমে জানতে পেরেছি, হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছে। পুলিশের তদন্তে জানা যাবে অভিযোগ সত্য নাকি মিথ্যা। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তিনি দোষী সাব্যস্ত হবেন জানান তিনি।




