• ই-পেপার

অবৈধ ইটভাটার বিষাক্ত গ্যাসে ৩০০ একর ধানের ক্ষতি!

মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই ২ বোট জব্দ, আটক ২১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই ২ বোট জব্দ, আটক ২১
সংগৃহীত ছবি

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া এক হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ২১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামের দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট আটক করা হয়।

পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জনের সঙ্গে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জনের সঙ্গে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের, জব্দ করা বোট এবং উদ্ধার করা সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমন
কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি হেলথক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যেন সহজে, সাশ্রয়ী খরচে এবং মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আজ শনিবার সকাল ১০ টায় কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফ্রি হেলথক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘হৃদরোগ, কিডনি ও চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার কাজ করছে।’

তিনি জানান, হার্টের রিংয়ের দাম ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে, যাতে হৃদরোগীরা কম খরচে চিকিৎসা নিতে পারেন।

তিনি আরো বলেন, ‘কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

আমানউল্লাহ আমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তাই শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সরকার আন্তরিক।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

দুই সপ্তাহ ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় পুশ ইনের শিকার তিন যুবক

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দুই সপ্তাহ ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় পুশ ইনের শিকার তিন যুবক
ছবি : কালের কণ্ঠ

ভারত-বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় টানা ১৪ দিন ধরে আটকে আছেন তিন যুবক। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর সীমান্তে অনিশ্চয়তা ও মানবেতর পরিবেশে দিন কাটছে তাদের।

স্থানীয় সূত্র জানায়, ভন্দুরচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৬ নম্বর মেইন পিলারসংলগ্ন শূন্যরেখায় ওই তিন যুবক অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে। এরপর থেকেই তারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে রয়েছেন।

আটকে থাকা তিনজন হলেন দেশের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬), নেত্রকোনার বারহাট্টা উপজেলার পারভেজ (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২)।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তের ওই এলাকায় প্রায় এক কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই। খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই তাদের দিন-রাত কাটছে। নিরাপদ আশ্রয় বা মৌলিক সুযোগ-সুবিধার অভাবে তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

ভন্দুরচর এলাকার বাসিন্দা আলতাফ আলী বলেন, ‘এ পরিস্থিতি শুধু ওই তিন যুবকের জন্যই নয়, সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি ও বিএসএফ সদস্যদের জন্যও একটি অস্বস্তিকর মানবিক বাস্তবতা তৈরি করেছে। দুই বাহিনী নিজ নিজ অবস্থানে সতর্ক থাকলেও মাঝখানে আটকে থাকা তিনজনের দুর্ভোগ বাড়ছে।’

স্থানীয় আরেক বাসিন্দা রাকিব বলেন, ‘বৃষ্টি হলেই তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। কাপড়-চোপড় ভিজে যায়। রাতে ভেজা কাপড় পরেই থাকতে হয়।’

এ বিষয়ে জানতে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

দুই সপ্তাহ ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা তিন যুবক কবে স্বজনদের কাছে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো সমাধানের ইঙ্গিত মেলেনি। ফলে সীমান্তের শূন্যরেখায় তাদের প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ আটক ২, নিহত ১

মোংলা প্রতিনিধি
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ আটক ২, নিহত ১
সংগৃহীত ছবি

সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল ৫টা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ান যৌথভাবে টানা দুই দিন বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতদের বহনকারী দুটি বোট শনাক্ত করে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। তবে সংকেত অমান্য করে ডাকাতরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় ডাকাতদের একটি বোটে আগুন ধরে যায় এবং অপর একটি বোট ডুবে যায়। এ সময় কোস্ট গার্ড ২১৬ রাউন্ড তাজা গুলি ও একটি ব্ল্যাঙ্ক কার্টিজ ফায়ার করে।

বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম (৫০) এবং ডাকাত শওকত সরদারকে (৫৫) উদ্ধার করে আটক করা হয়। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযান চলাকালে পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে চিরুনি অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে স্থানীয়দের সহায়তায় পরিচালিত অভিযানে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় ইসরাফিল হাওলাদার (২৬) নামে আরেক ডাকাতকে আটক করা হয়। পরে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটক রবিউল ইসলাম ও নিহত শওকত সরদার খুলনার কয়রা উপজেলার এবং ইসরাফিল হাওলাদার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযান শেষে সুন্দরবনের আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ডাকাতদের ব্যবহৃত ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ এবং নিহত ডাকাতের মরদেহ পরবর্তী আইনি ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অবৈধ ইটভাটার বিষাক্ত গ্যাসে ৩০০ একর ধানের ক্ষতি! | কালের কণ্ঠ