• ই-পেপার

রায়পুরায় ধর্ষণের অভিযোগে মামা আটক

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার
অভিযুক্ত হাসান সাব্বির। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির (২৫) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর দুইটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান ওই এলাকার সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, দুপুরে ভুক্তভোগী শিশু বাড়ির উঠোনে খেলছিল। এ সময় প্রতিবেশী ও পল্লী চিকিৎসক হাসান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানালে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হবে।’

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল রবিবার (২৬ জুলাই) ভোর থেকে টানা ৪৮ ঘণ্টা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক, মিরসরাই-ফটিকছড়ি সড়ক এবং হেয়াকো-চট্টগ্রাম সড়কে এ হরতাল পালন করা হবে।

হরতালের সমর্থনে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাগান বাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, “সদ্যঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যে স্থানে (পশ্চিম ভূজপুর মৌজা) নির্ধারণ করা হয়েছে, তা পুরনো ফটিকছড়ি সদর দপ্তরের খুব কাছাকাছি। এতে উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান হবে না। দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে সদর দপ্তর স্থাপন করতে হবে।”

তিনি আরো বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ করা হয়। তবে সদর দপ্তরের অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে দাঁতমারা, বাগান বাজার ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা শুরু থেকেই আন্দোলন করে আসছেন।

শেরপুরে পিকআপচাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে পিকআপচাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত
ছবি : কালের কণ্ঠ

শেরপুরের নকলা উপজেলায় পিকআপের চাপায় রফিকুল ইসলাম রাব্বি (৪৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নকলা উত্তর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাঁশকান্দা গ্রামের মহিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মোবাইল ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে বের হন রাব্বি। নালিতাবাড়ী মহাসড়ক থেকে নকলা উত্তর বাজার মোড়ে প্রবেশের সময় শেরপুরগামী একটি পিকআপ পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হন এবং মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ পিকআপটি জব্দ করে এবং চালক নুর মোহাম্মদকে আটক করে। আটক চালকের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবপাচার রোধে কক্সবাজারে শত কিলোমিটার রোড শো

অনলাইন ডেস্ক
মানবপাচার রোধে কক্সবাজারে শত কিলোমিটার রোড শো
সংগৃহীত ছবি

সমুদ্রপথে অবৈধভাবে মানবপাচার মানবপাচার বন্ধে ও উপকূলের মানুষকে সচেতন করতে কক্সবাজারে অনুষ্ঠিত হলো শত কিলোমিটার দীর্ঘ রোড শো। ‘সমুদ্রপথে বিদেশ না’ স্লোগানে এই রোড শোর আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উখিয়া থেকে শুরু হয় মানব পাচারবিরোধী এই রোড শো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-যুবক, জেলে-কৃষক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

দুপুরে রোড শোটি টেকনাফ পৌঁছায়। বিকেলে সেখান থেকে মেরিন ড্রাইভ হয়ে রাত ৮টায় কক্সবাজার সৈকতের কলাতলীতে ১০০ কিলোমিটারের এই রোড শো শেষ হয়।

অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’-এর অধীনে চার দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে এই রোড শোর আয়োজন করা হয়। এর আগে তিন দিন ধরে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

রোড শোর অংশ হিসেবে উখিয়া, টেকনাফের বিভিন্ন পয়েন্টের একাধিক পথসভায় মানব পাচারবিষয়ক কুইজ, প্রশ্নমালা রাখা হয়। চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দালালদের প্রতারণা থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার আতিকুর রহমান নাহিদ বলেন, আশ্রয়শিবিরের রোহিঙ্গারা নানা প্রলোভনে পাচারের শিকার হচ্ছেন। তিনি বিদেশগামীদের সঠিক তথ্য জেনে সরকারি অনুমোদিত প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকেরা জানান, রোড শোর মাধ্যমে সাধারণ মানুষ, সম্ভাব্য অভিবাসী, তরুণ সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

রায়পুরায় ধর্ষণের অভিযোগে মামা আটক | কালের কণ্ঠ