জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা গড়ে তুলতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসায় সোমবার (২৯ জুন) একযোগে পালিত হবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প এ কর্মসূচির আয়োজন করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের পাশাপাশি ব্যানার-ফেস্টুন, র্যালি এবং জলবায়ুবিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করতে হবে।
আরো পড়ুন
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি
নির্দেশনা অনুযায়ী, সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একই সময়ে বৃক্ষরোপণ, র্যালি এবং জলবায়ু সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।
পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপেন কান্তি দে বলেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্বও শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা প্রকৃতি সংরক্ষণের বাস্তব শিক্ষা লাভ করতে পারে।
আরো পড়ুন
ঢাবির ভিসি চত্বরে তরুণকে আটকে মুক্তিপণ দাবি, সাবেক শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে পড়বে। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে দেশব্যাপী সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।