ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ডোমইয়ং মেটা কম্পানির প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদল ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় মন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডোমইয়ং মেটার প্রতিনিধি দলকে অবহিত করেন।
তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এ উদ্যোগের ফলে সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে, জনগণ আরও সহজে সেবা পাচ্ছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বৈঠকে ডোমইয়ং মেটা কোম্পানির প্রতিনিধিরা জানান, ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় প্রতিষ্ঠান ঢাকা মেটা-এর সহযোগিতায় তারা ডিআরএস (ভূমি রেকর্ড ও জরিপ) কার্যক্রম নির্ভুলভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সম্পন্ন করার সক্ষমতা রাখেন।
তারা আরও জানান, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং স্থানীয় সক্ষমতার সমন্বয়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে ডোমইয়ং মেটা প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী করে তুলতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।





