• ই-পেপার

শ্লীলতাহানির অভিযোগে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত

চট্টগ্রামে কৃষি ও মৎস্য খাতের পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে : কৃষিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামে কৃষি ও মৎস্য খাতের পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে : কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩২৭ মেট্রিক টন ধানবীজ, ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকাদান এবং ৩৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে পাঁচ জেলায় মৎস্য খাতে ২০০ কোটিরও বেশি টাকা এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘বন্যায় ব্যাপক বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের পুনর্বাসনে ৩২৭ মেট্রিক টন ধানবীজ প্রয়োজন হবে। সরকারের কাছে প্রয়োজনীয় পরিমাণ বীজ মজুত রয়েছে। যেসব কৃষকের জমি বীজ বপনের উপযোগী হয়েছে, তাদের কাছে তাৎক্ষণিকভাবে বীজ সরবরাহ করা হবে। আর যাদের জমি এখনও প্রস্তুত হয়নি, তাদের জন্য সরকারি খালি জমিতে জরুরি ভিত্তিতে বীজতলা তৈরি করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে সেখান থেকে ধানের চারা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।’

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মন্ত্রী বলেন, ‘বন্যার পর খুরা রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই ক্ষতিগ্রস্ত পাঁচ জেলায় ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকা দেওয়া হবে। আগামীকাল থেকেই এ কার্যক্রম শুরু হবে এবং ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বন্যার কারণে খড় ও অন্যান্য পশুখাদ্য নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে এসব গোখাদ্য বিতরণ করা হবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার ইউনিয়নভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেছে। যেখানে ক্ষতির পরিমাণ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। কোনো ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী বা খামারি যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

রামু থানায় এসআইয়ের সঙ্গে আড্ডা, সেই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু থানায় এসআইয়ের সঙ্গে আড্ডা, সেই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আবু বক্কর ছিদ্দিক মাসুক। সংগৃহীত ছবি

কক্সবাজারের রামু থানার এক উপপরিদর্শকের (এসআই) সঙ্গে থানার গুরুত্বপূর্ণ কক্ষে বসে আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর ছিদ্দিক মাসুককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ২৮ মে কালের কণ্ঠ অনলাইনে এ সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হয়েছিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে রামু চৌমুহনী স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রামু থানায় কর্মরত এসআই মোহাম্মদ তৌহিদুল আরেফিনের সঙ্গে আবু বক্কর ছিদ্দিক মাসুকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে তাকে রামু থানার ‘সেকেন্ড অফিসারের’ কক্ষে বসে থাকতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর পুলিশের সঙ্গে একজন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামির ঘনিষ্ঠতা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

আদালত সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক মাসুক রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এর মধ্যে এসটি মামলা নম্বর-৪৪৭/১৬ এবং সিআর মামলা নম্বর-৬১৪/১৪ মামলায় আদালত তাকে আট মাসের কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করেন। এসব মামলায় তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি রয়েছে। এ ছাড়া এসটি মামলা নম্বর-২৫৩৫ এবং সিআর মামলা নম্বর-৪৫৬/১৪ মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে বলে জানা গেছে।

আইন অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার কথা। কিন্তু এমন একজন আসামিকে থানার গুরুত্বপূর্ণ কক্ষে বসে পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে সময় কাটাতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দিক মাশুকের বিরুদ্ধে রামু থানায় তিনটি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান, তিনটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি আবু বক্কর ছিদ্দিক মাশুককে রামু থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনের ঘটনায় ২ শ্রমিক নিহত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনের ঘটনায় ২ শ্রমিক নিহত
দিদারুল আলম ও মোহাম্মদ নুরুল আলম (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন ১১ জন শ্রমিক। পরে তাদের মধ্যে দশ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন চমেক ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মজুমদার।

এর আগে বৃহস্পতিবার (১৬ ‍জুলাই) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গীর ‘শীর্ষ মাদকসম্রাজ্ঞী’ কারিমা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীর ‘শীর্ষ মাদকসম্রাজ্ঞী’ কারিমা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক বস্তির মাদকের ডিলার ও ‘শীর্ষ মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কারিমা বেগম কেরানীর টেক এলাকার বাসিন্দা ও জামাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে কারিমাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

পুলিশের দাবি, কারিমা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি মাদকবিরোধী অভিযানের সময় তার নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কারিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শ্লীলতাহানির অভিযোগে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত | কালের কণ্ঠ