• ই-পেপার

বাংলাদেশের প্রথম প্রত্ন জাদুঘর

উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
ছবি : কালের কণ্ঠ

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো জানান, এ সময় ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক ব্যবসা ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদক ব্যবসা ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না : পানিসম্পদ মন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

মাদকের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, এরা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড় যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নারী উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।

তিনি আরো বলেন, সরকারের এই সহযোগিতার কারণ হচ্ছে- একজন মা তিনি যদি এই সহযোগিতাটা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলেমেয়ে শিক্ষিত হতে পারেন, পুরো জাতি শিক্ষিত হবে। তাহলে এই টাকাটাও ইনভেস্ট। এই টাকাটাও আমরা ইনভেস্ট করতেছি। 

এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। 

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে পড়ে আহত ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে পড়ে আহত ৩
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানো রডবোঝাই একটি ট্রাক বিলে উল্টে পড়ে ট্রাকে থাকা ৩ শ্রমিক প্রায় ৮টন রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। তবে চালক ও তার সহকারী (হেলপার) লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার টানেল সংযোগ সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই ট্রাকটির শ্রমিক।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ৮ টন রড নিয়ে কেএসআরএমের একটি ট্রাক আনোয়ারার উদ্দেশে রওনা হয়। বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক ছেড়ে পাশের বিলে উল্টে পড়ে।

দুর্ঘটনার মুহূর্তে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে বের হতে সক্ষম হলেও পেছনে থাকা তিন শ্রমিক রডের স্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তিন জনকেই জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে চাপা পড়া তিন শ্রমিককে জীবিত উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

নাটোর প্রতিনিধি
নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
ছবি: কালের কণ্ঠ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর, একটি অটোরিকশার আংশিক অংশ, তিনটি গরুসহ আসবাবপত্র পুড়ে ছাই গেছে। এছাড়া আগুনে দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আদম আলী উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মোহাম্মদ ইছাক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দুটি কাঁচা বসতঘর, তিনটি গরু, ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র এবং আদম আলীর অটোরিকশার ওপরের অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে আদম আলীর স্ত্রী গুরুতর দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

নলডাঙ্গা থানার ওসি নুরে আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।’

উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত | কালের কণ্ঠ