• ই-পেপার

সিরাজগঞ্জে নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত লাশ

নকল কসমেটিকস তৈরির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা, পণ্য ধ্বংস

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নকল কসমেটিকস তৈরির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা, পণ্য ধ্বংস
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে নকল কসমেটিকস পণ্য তৈরির অভিযোগে রেজাউল মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল পণ্যগুলো ধ্বংস করা হয় এবং ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামে‌‌। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছে। তাকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়।

এসময় নকল কসমেটিক্স পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং উক্ত বিল্ডিংয়ে কসমেটিকস উৎপাদনের সকল কার্যক্রম বন্ধ করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মুকুল হোসেন সরদার। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানার পুলিশ সদস্যদের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও আলামত জব্দকরণ ও ধ্বংসে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাদরুল আলম বলেন, জনস্বাস্থ্যের জন্যে হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিকস পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৪, গাড়িতে আগুন

ঝালকাঠি প্রতিনিধি
নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৪, গাড়িতে আগুন
সংগৃহীত ছবি

ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য একটি মরদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ পড়ে যায় এবং চারজন আহত হন।

আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা ও মেয়ের ঘরের এক নাতি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেরানীগঞ্জে পশুর হাট ইজারায় বড় দরপতন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে পশুর হাট ইজারায় বড় দরপতন
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে ৯টি অস্থায়ী পশুর হাটের ইজারার দরপত্র আহবান করা হয়। এদের মধ্যে ৫টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। ৫টি হাটেই গত বছরের তুলনায় এ বছর অনেক কম দামে ইজারা সম্পন্ন হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে জানা গেছে। বাকী ৪টি হাটের কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়া সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের ৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ৫টির ইজারা সম্পন্ন হয়েছে। এর মধ্যে হাসরাবাদ হাটে ৩টি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ ২৩ লাখ ১০ হাজার টাকায় হাটটির ইজারা পান হাজী মো. সেলিম। অথচ গত বছর একই হাটের ইজারা হয়েছিল ৬১ লাখ টাকায়।

আগানগর ইউনিয়নের আওতাধীন আমবাগিচা বালুর মাঠ পশুর হাটের ইজারা সর্বোচ্চ ৫৯ লাখ ৩৩ হাজার টাকায় পান পূর্ব আগানগর গার্মেন্ট ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন। যা গত বছরের তুলনায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা কম।

ঐতিহ্যবাহী জিনজিরা পশুর হাটের ইজারা মাত্র ৭ লাখ টাকায় হাটটি পান দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক জিনজিরা ইউপি চেয়ারম্যান মো. মোজাদ্দেদ আলী বাবু। যেখানে গত বছর একই হাটের ইজারা একই ব্যক্তি নিয়েছিলেন ১৫ লাখ ২৫ হাজার টাকায়।

এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা গবাদিপশুর হাট ৪ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পান শাহাবুদ্দিন মেম্বার। অন্যদিকে গত বছর ব্যাপক আলোচিত মিলিনিয়াম সিটি পশুর হাটের ইজারা পান হাজী সাইফুল ইসলাম ২৬ লাখ ৬০ হাজার টাকায়। অথচ গত বছর হাটটির ইজারা মূল্য ছিল প্রায় ৭২ লাখ টাকা।

কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় রাজাবাড়ী বালুর মাঠ, রসুলপুর মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠ, খাড়াকান্দী মাদরাসা হাট ও বাঘাশুর হাটের ইজারা দেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হাটগুলোর ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেসব হাটে কাঙ্ক্ষিত দরপত্র পাওয়া যায়নি, সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। 

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। তিনি আরো জানান, বিগত কয়েক বছর নিহত মিঠুর চাচাতো ভাই মাষ্টার গোলাম রসুলকেও হত্যা করা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি মাহমুদুর রহমান। প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে বলেও জানান তিনি।