• ই-পেপার

প্রতিমন্ত্রী মীর হেলালের ১৮০ দিনের কাজ

যাত্রীবেশে ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, দেবর-ভাবি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
যাত্রীবেশে ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, দেবর-ভাবি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে এসে একটি ব্যক্তিগত গাড়ির চালককে আহত করে সেটি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (বিএসইজেড) সিপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী। তারা সম্পর্কে দেবর-ভাবি।

আহত গাড়িচালক মো. সেলিম (৪২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মিঠারখাল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি ভাড়া করে মিরসরাইয়ের সিপি মোড় এলাকায় আসেন ইয়াছা ও জোবেদা। বিকেলে নির্জন স্থানে পৌঁছে তারা চালককে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে পুলিশ আহত চালক ও আটকদের হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চট্টগ্রাম থেকে আসা দুই যাত্রী চালককে আহত করে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গাড়ির মালিকও থানায় এসেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হরতাল প্রত্যাখ্যান করে ফটিকছড়ির ৩ ইউনিয়নের গণজমায়েত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
হরতাল প্রত্যাখ্যান করে ফটিকছড়ির ৩ ইউনিয়নের গণজমায়েত
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থানান্তরের দাবিতে চলমান ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাখ্যান করে আনন্দ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এদিন বিকেলে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেখান থেকে সরকারের উন্নয়নমুখী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কাজিরহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হরিনাখুল এইচএফ কনভেনশন হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জুনায়েদ বিন জালালের সভাপতিত্বে ও সংগঠক আজগর সালেহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও ভূজপুর ইউপি চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার জনস্বার্থ বিবেচনা করেই নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণ করেছে। কিন্তু একটি পক্ষ অযৌক্তিক দাবি তুলে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, যা সাধারণ মানুষ মেনে নেবে না। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। 

সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, মাহবুবুল আলম আজাদ, জামাল উদ্দিন সিকদার, বিএনপি নেতা ওসমান চৌধুরী, ইয়াকুব শহিদ, ডা. আবুল কালাম রুবেল, জহির উদ্দিন বাবর, খোরশেদুল আলম আজাদ, এস এম নজরুল ইসলাম ও মাওলানা শামসুল আলম প্রমুখ।

মাদক কারবারির আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাদক কারবারির আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরের আস্তানা থেকে দুটি তারাশ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তল দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরে পরিদর্শক আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার (২৬ জুলাই) বিকেলে আমবাগান বস্তিতে অভিযান চালিয়ে ব্রাজিলের তৈরি (টরাস ব্যান্ডের ৯ এম এম) দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল দুটি ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। সে সময় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন এসআইসহ তাদের ছোড়া পাথরের আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হন।

এরপর নগর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ঝর্ণাপাড়া সংলগ্ন খুলশী থানার আমবাগান বস্তি থেকে দুই সহযোগীসহ আলমগীরকে গ্রেপ্তার করে। অস্ত্রগুলো এতদিন আলমগীরের কাছে ছিল বলেও জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম

‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে দুর্বৃত্তের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে দুর্বৃত্তের হামলা-ভাঙচুর
ভিডিও থেকে নেওয়া ছবি

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মো. জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মীয়মাণ ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িটির মালিক মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ী। তিনি চাল ও চিনির পাইকারি ব্যবসা করেন। সম্প্রতি চট্টগ্রামের বড় দিঘিরপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেছেন। রবিবার সকালে ১০-১২ জন ব্যক্তি একটি গাড়িতে করে এসে জসিমের বাড়ির সামনে নামেন। সবার মুখে মাস্ক পরা ছিল। তারা বাড়িটিতে প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ভবনটিতে কর্মরত শ্রমিকদের মারধর করেন। পরে যাওয়ার সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, ‘জসিম উদ্দিনের কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। এরপর রবিবার সন্ত্রাসীরা এসে হামলা করে ভাঙচুর করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তাদের মুখে মাস্ক পরা ছিল। এর মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ঘটনার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর লোকজন জড়িত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাড়ির মালিক আমাদের কারো নাম বলতে পারেননি। তবে আমরা তদন্ত করে দেখছি, সাজ্জাদ বাহিনীর সম্পৃক্ততা আছে কি না।

হামলার বিষয়ে বাড়ির মালিক জসিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। হামলার ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তবে কারা চাঁদা চেয়ে হুমকি দিয়েছেন, তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২ কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে গত ১৩ জুলাই হামলা চালায় সন্ত্রাসীরা। এর আগে সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন ডিডিএনের মালিকের কাছে চাঁদা চেয়ে হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার মূল হোতা ডেভিড ইমনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে চাঁদার দাবিতে হুমকি, গুলি ও মারধরের অভিযোগ রয়েছে।