• ই-পেপার

ঢাকা বোর্ডে এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, একগুচ্ছ নির্দেশনা জারি

তৃতীয় ভাষা শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ

অনলাইন ডেস্ক
তৃতীয় ভাষা শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বৈশ্বিক কর্মবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় জাতীয় শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো জানান, এসব ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করতে সরকার বিশেষ ঋণ কর্মসূচি চালু করবে। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ আবাসন বৃত্তির চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে মনোনীত সব শিক্ষার্থীর কাছে বৃত্তির চেক পৌঁছে দেওয়া হবে। ১৫তম থেকে ২০তম ব্যাচের মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী এ বিশেষ বৃত্তির আওতায় রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পিএলসি’র সৌজন্যে শিক্ষার্থীদের মধ্যে প্রথম কিস্তির প্রতীকী চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। দীর্ঘদিনের আবাসন সংকট বিবেচনায় নিয়ে বৃত্তির অর্থ দ্রুত বিতরণের লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন আবাসিক হল নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, বৃত্তির অর্থ সময়মতো বিতরণ করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো শিক্ষার্থী যাতে জটিলতার মুখোমুখি না হন, সেজন্য অর্থ ও হিসাব দপ্তরের মাধ্যমে প্রতিটি অনুষদের তথ্য যাচাই করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন জানান, চলতি সপ্তাহেই বৃত্তির অর্থ বিতরণের মূল কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃত্তি কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।

জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আবাসন সংকট জবি শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা। এই বিশেষ বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ অনেকাংশে কমাবে।

জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও যৌক্তিক দাবির ফলেই এ বৃত্তি বাস্তবায়নের পথ সুগম হয়েছে। আমরা প্রশাসনের কাছে বাকি অর্থও দ্রুত বিতরণের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন। গত বছর ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির পর শিক্ষার্থীদের জন্য ৫৬ কোটি টাকার আবাসন বৃত্তি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ বিশেষ বৃত্তি কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে।

শিক্ষার্থীরা আশা করছেন, বৃত্তি বিতরণের পাশাপাশি টিএসসি সংস্কার, নতুন আবাসিক হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজও দ্রুত সম্পন্ন করা হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

ড. মো. সিরাজুল ইসলামকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে। তাকে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর ৪ বছরের জন্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। 

উল্লেখ্য, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মেয়ে।
 

আস্থা অর্জনের ব্যর্থতা নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রাবির ছাত্র উপদেষ্টা

রাবি প্রতিনিধি
আস্থা অর্জনের ব্যর্থতা নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রাবির ছাত্র উপদেষ্টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত টাইমলাইনে রেজিস্ট্রার বরাবর পাঠানো পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত আস্থা অর্জন করতে না পারা এবং প্রাতিষ্ঠানিক ব্যস্ততা বৃদ্ধির কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

পদত্যাগপত্রে অধ্যাপক আমিরুল ইসলাম উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে একাডেমিক ও গবেষণামূলক কাজের চাপ বেড়ে যাওয়ায় তাঁর পক্ষে এ পদের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘আমরা পদত্যাগপত্র পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে আকস্মিক এ পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি সবসময় শিক্ষার্থীদের মানসিক সংকট মোকাবেলায় পাশে থাকার এবং প্রয়োজনীয় মনস্তাত্ত্বিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। এর আগে অনেক শিক্ষার্থীকে হতাশা ও মানসিক অবসাদ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। তারা এখন স্বাভাবিক জীবনে সুপ্রতিষ্ঠিত। এরপরও কেন শিক্ষার্থীরা আত্মহননের পথ বেছে নিচ্ছে, সেটি আমাকে ভাবিয়ে তুলেছে।’

তিনি আরো বলেন, ‘যেকোনো সংকটে শিক্ষার্থীরা অন্তত একবার ছাত্র উপদেষ্টার পরামর্শ নিতে পারত। আমার মনে হয়েছে, আমি তাদের মধ্যে সেই কাঙ্ক্ষিত আস্থা ও ভরসার জায়গা তৈরি করতে পারিনি। এই নৈতিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক ব্যস্ততা বৃদ্ধির কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।