• ই-পেপার

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
ছবি : কালের কণ্ঠ

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করতে অংশীজনদের নিয়ে একটি স্থায়ী সংলাপ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন বিষয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ড. মামুন আহমেদ বলেন, ‘উচ্চশিক্ষা খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক ও সংশ্লিষ্ট অংশীজনেরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা করতে পারবেন।’

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, ‘শিক্ষকদের মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনায় এ প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে। আন্ত বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।’

সভায় তিনি জানান, ‘সরকারের উচ্চশিক্ষাবিষয়ক অঙ্গীকার এবং ইউজিসির বিদ্যমান কৌশলগত উন্নয়ন পরিকল্পনার আলোকে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।’ সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক কর্মশালায় উচ্চশিক্ষা খাতের রূপান্তর ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে তিনি জানান।

উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে দক্ষ ও মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির ওপর গুরুত্বারোপ করে ড. মামুন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।’

সভায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য ব্যবস্থাপনা–বিষয়ক এবং নবীন শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। প্রশিক্ষণগুলো আবাসিক এবং হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হবে। এ ছাড়া প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা, পদোন্নতির সঙ্গে প্রশিক্ষণ যুক্ত করা এবং দেশি-বিদেশি প্রশিক্ষক পুল গঠনের বিষয়েও সভায় আলোচনা হয়। ইউজিসি বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় এসব প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ- এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

২৫০০ শিশুকে দুধ পান করাল বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
২৫০০ শিশুকে দুধ পান করাল বাকৃবি
ছবি: কালের কণ্ঠ

‘দুগ্ধশিল্পে নারী কৃষকদের অবদান উদযাপন’—প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুথর্দশতম বারের মতো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ও আশপাশের আটটি বিদ্যালয়ের প্রায় ২ হাজার ৫০০ শিশুকে দুধ পান করানো হয়।

একই সঙ্গে দুগ্ধশিল্পে অসামান্য অবদানের স্মীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ১ জন নারী দুগ্ধ খামারি ও একজন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের উদ্যোগে দেশে ডেইরি শিল্পের বিকাশ এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর এ দিবস উদযাপিত হচ্ছে।

বুধবার (১০ জুন) দিরসটি উপলক্ষে সকাল ৯টায় বাকৃবি চত্বরে অবস্থিত স্কুলসমূহের ২ হাজার ৫০০ শিশু শিক্ষার্থীকে দুধ পান করানো হয়। এরপর পশুপালন অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। 

পরে সকাল ১০টায় সকালে ওই অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, দুগ্ধ খামারি ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এরপর দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়। সেমিনারে ‎বাকৃবির ডেইরি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং নেসলে বাংলাদেশের রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্সের প্রধান রেবেকা শারমিন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ডেইরি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. সামাদ খান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম।

‎এ সময় সম্মাননাপ্রাপ্ত দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উম্মে আতিয়া বলেন, ‘প্রায় ৬ বছর ধরে বগুড়ায় নিজস্ব উদ্যোগে দুগ্ধজাত পণ্যের একটি কারখানা নিয়ে কাজ করছি। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৪ মণ দুধ থেকে মিষ্টি, ছানা ও দই তৈরি করি আমরা। খামারিদের কাছে থেকে সরাসরি দুধ সংগ্রহ করার পর সেটিকে পাস্তুরিত করে এসকল পণ্য তৈরি করা হয়। এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় থেকে এভাবে সম্মাননা পেলাম। কাজের স্বীকৃতি আমার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।’

সম্মাননাপ্রাপ্ত আরেক খামারি জনি আক্তার বলেন, ‘আমার বাড়িতে মোট ১৫টি গরুর দেখাশোনা করি। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লিটার দুধ উৎপন্ন হয়। গরুর দেখাশোনা থেকে শুরু করে দুগ্ধ দোহন ও বিক্রি সবই এক হাতে করি। গ্রামের এক প্রান্তিক খামারি হিসেবে এভাবে সম্মাননা পাব এটা কখনো ভাবিনি। খুবই ভালো লাগছে।’

সেমিনারে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, ‘অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। কেননা দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের অবদান অস্বীকার করে দেশ, জাতি এগিয়ে যেতে পারবে না। দেশের দুগ্ধ শিল্পের উন্নতিতে উৎপাদন বাড়াতে কাজ করতে হবে, একই সাথে প্রান্তিক খামারিদের প্রতি দৃষ্টি রাখতে হবে।’

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) নির্দেশনা মোতাবেক প্রতি বছর ১ জুন সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটি উদযাপন করে। এ বছর ১ জুন বিশ্ববিদ্যালয় ছুটি থাকার কারণে ১০ জুন এটি উদযাপন করা হচ্ছে। দেশের মধ্যে সর্বপ্রথম বাকৃবি ২০১৩ সাল থেকে এ দিবসটি পালন করে আসছে।

পিবিপ্রবিতে যোগ দিলেন নতুন উপাচার্য ছবিরুল ইসলাম হাওলাদার

অনলাইন ডেস্ক
পিবিপ্রবিতে যোগ দিলেন নতুন উপাচার্য ছবিরুল ইসলাম হাওলাদার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করেন। একইদিন সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উপস্থিত হন। 

ক্যাম্পাসে পৌঁছালে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন। বর্তমানে তিনি গ্রেড-১ প্রফেসর হিসেবে কর্মরত। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান, আবাসিক হলের সহকারী হাউস টিউটর ও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ভোলা জেলার লালমোহন উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে দ্বিতীয় স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাবি মিলেনিয়াম ব্যাচের কমিটি গঠন : আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

নিজস্ব প্রতিবেদক
ঢাবি মিলেনিয়াম ব্যাচের কমিটি গঠন : আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন
আবদুল করিম সরকার ও আনোয়ার হোসেন রিপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়ার্কিং কমিটি’র বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। 

কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব। এছাড়া বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন এনামুল হাসান (অর্থ), উবায়দুল্লাহ বাদল(প্রচার-প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু(শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ (কালচার)। 

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন ও ফজলে এলাহী সবুজ।

ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে ও শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে ওয়াকিং কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ | কালের কণ্ঠ