• ই-পেপার

দুই বছরের জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট সাফওয়ান

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের দীক্ষা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের দীক্ষা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আইইউবিএটির কলেজ অব নার্সিংয়ের নবীন শিক্ষার্থীদের দীক্ষা, প্রদীপ প্রজ্জ্বলন ও পেশাগত শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই)  বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সেবাধর্মী নার্সিং পেশায় তাদের যাত্রা শুরু করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. স্যান্ড্রা রুমি মধু। তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান অঙ্গীকার। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সহমর্মিতা ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নার্স হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নার্সিং সেবা বিভাগের প্রধান নান্টি গৌথামি সানি বলেন, একজন দক্ষ নার্স রোগীর চিকিৎসা ও সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, একটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দক্ষ ও মানবিক নার্সের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও পেশাগত দায়িত্ববোধ ধারণ করে দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করতে।

প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, নার্সিং এমন একটি মহৎ পেশা, যেখানে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে মানুষের জীবন রক্ষা করা হয়। একজন নার্সের সহমর্মী সেবা একজন রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, পেশাগত নৈতিকতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখা উচিত।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, ইউনিকো হাসপাতালস লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ড্যাফোডিল নার্সিং কলেজ, এনাম নার্সিং কলেজ, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, স্টেট নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতাল ও নার্সিং কলেজ, আহ্ছানিয়া ক্যান্সার মিশন হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার শীর্ষক প্রতীকী ছায়ানাট্য। এতে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবা, আত্মত্যাগ ও পেশাগত আদর্শ তুলে ধরা হয়। এরপর নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা, সততা, নৈতিকতা ও সর্বোচ্চ পেশাগত মান বজায় রেখে রোগীর সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়। সমাপনী বক্তব্যে কলেজ অব নার্সিংয়ের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক শুভাশীষ দাস বালা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইইউবিএটি নবীন নার্সিং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, সহমর্মিতা, জ্ঞান, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের আলোকবর্তিকা ধারণ করে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানবসেবায় নিজেদের নিবেদিত রাখবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা

দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই টুর্নামেন্ট সারা দেশে একই তারিখ ও সময়ে একযোগে শুরু হবে।

ফুটবল টুর্নামেন্টে দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডসহ) শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এ লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করা এবং দলকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

গঠিত দলের জন্য অভিজ্ঞ শিক্ষক/প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং দক্ষ খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

টুর্নামেন্ট সংক্রান্ত পরবর্তী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এইচএসসির সময়সূচি নিয়ে জরুরি সতর্ক বার্তা

অনলাইন ডেস্ক
এইচএসসির সময়সূচি নিয়ে জরুরি সতর্ক বার্তা
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে ছড়ানো একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এমন বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

(২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জুলাই মাসের ২৭ তারিখ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে মর্মে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত।

এতে আরো জানানো হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই। সকলকে অনুরোধ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্রেনে রাবি শিক্ষার্থীকে টিটির মারধর, প্রতিবাদে রেলপথ অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ট্রেনে রাবি শিক্ষার্থীকে টিটির মারধর, প্রতিবাদে রেলপথ অবরোধ
সংগৃহীত ছবি

ট্রেনে রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে টিকিট চেকার (টিটি) মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত টিটির শাস্তিসহ চার দফা দাবিতে মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ভুক্তভোগী ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, মঙ্গলবার পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় টিকিট চেক করার একপর্যায়ে তিনি নিজের টিকিট টিটির কাছে প্রদর্শন করেন। এ সময় সামনের আসনে বসা দুই যাত্রীর টিকিট না দেখে তাদের কাছ থেকে টাকা নিতে দেখেন। বিষয়টির প্রতিবাদ করতেই পেছন থেকে এক টিটি তার ওপর হামলা চালান।

এ ঘটনায় শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—অভিযুক্ত টিটি সুমনকে সশরীরে শিক্ষার্থীদের সামনে হাজির করা, ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা করা, ভুক্তভোগীকে হত্যাচেষ্টার অভিযোগে রেল কর্তৃপক্ষকে বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া, মারধরের শিকার শিক্ষার্থীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।

ভুক্তভোগী ফরহাদ হোসেন বলেন, ‘টিটি যখন টিকিট চেক করছিলেন, তখন আমি আমার টিকিট দেখায়। কিন্তু সামনের সিটে থাকা দুজনের টিকিট না দেখে তাদের কাছ থেকে টাকা নিতে দেখি। এর প্রতিবাদ করায় পেছন থেকে একজন টিটি আমার ওপর হামলা করেন। আমাকে গলা চেপে, পায়ে আঘাত করে এবং টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়। তারা আমাকে হত্যার চেষ্টা করেছে।’

ঘটনার পর বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশনে গেলে অভিযুক্ত টিটিকে সেখানে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীকে আগের একটি স্টেশনে নামিয়ে দেওয়া হয় বলেও দাবি তাদের। পরে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)  সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, ‘রেলের একটি সার্বজনীন অনিয়মের প্রতিবাদ করায় আমাদের শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করা হয়েছে। ট্রেনের টিটির বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও অনিয়মের শত শত অভিযোগ রয়েছে। আমরা প্রথমে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং অভিযুক্ত টিটিকেও হাজির করতে পারেনি। তাই আমরা রেললাইন অবরোধে বাধ্য হয়েছি।’

তিনি আরো বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মারধর করে আবার বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে ট্রেন চলাচল করবে এটা হতে পারে না। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমরা অবরোধ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী টিটির মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়েছি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আলোচনায় বসতে রাজি আছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধের কারণে আমাদের দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেনের নির্ধারিত সূচি বিলম্বিত হয়েছে। ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

দুই বছরের জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট সাফওয়ান | কালের কণ্ঠ