• ই-পেপার

ছোট ব্যবসার বড় অবদান, অর্থনীতির প্রাণ সিএমএসএমই খাত

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

অনলাইন ডেস্ক
শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসে অনুষ্ঠিত অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করা হতে পারে।

রাজস্ব আয় দিয়ে পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় প্রতি বছরই স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার। স্থানীয় উৎস থেকে নেয়া ঋণের বড় একটি অংশ আসে ট্রেজারি বিলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদহার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এ অবস্থায় ব্যয় কমাতে শরিয়াহভিত্তিক ট্রেজারি বিল ও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে সরকার।

চলতি অর্থবছরে ২০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামিক ট্রেজারি বিল ইস্যু করতে চাইছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের সিডিএমসি কমিটির মূল কাজ সরকারের রাজস্ব আহরণ, ব্যয়, বাজেট ঘাটতি এবং দেশি-বিদেশি ঋণের মধ্যে সমন্বয় করা। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এ কমিটির সভায় ২০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করতে চায় অর্থ বিভাগ। সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। এ কমিটির মতামতের ভিত্তিতে মুনাফার হার নির্ধারণের পর শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করা হবে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্রের মাধ্যমে নেয়া সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ২ হাজার ৬৯০ কোটি টাকায়। এ বছরের মার্চ পর্যন্ত সঞ্চয়পত্রের মাধ্যমে নেয়া সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৮০৪ কোটি টাকায়।

বিশ্বের অনেক দেশে শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের বড় বাজার গড়ে উঠলেও বাংলাদেশে এটি এখনো সেভাবে বিস্তৃত হয়নি। দেশে শরিয়াহভিত্তিক মূল আর্থিক পণ্য ইসলামী ধারার ব্যাংকগুলোতে গচ্ছিত আমানত। এর বাইরে এখন পর্যন্ত ছয়টি সুকুক বাজারে এসেছে এবং প্রতিটির ক্ষেত্রেই পাঁচ-ছয় গুণ ওভার সাবস্ক্রিপশন হয়েছে। একটি সুকুক ইস্যুর পর আরেকটি সুকুক ইস্যুর জন্য এক বছরের মতো সময় লেগে যায়। কারণ এক্ষেত্রে অন্তর্নিহিত সম্পদ পাওয়া যায় না। এ সময়ে যারা শরিয়াহভিত্তিক খাতে বিনিয়োগ করতে চান, তারা সেটি করার সুযোগ পান না এবং সরকারও সে সুযোগ তাদের করে দিতে পারে না।

গত মাসে গ্রামীণ রাস্তায় গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের জন্য ইসলামী বন্ড সুকুকের বিপরীতে ৫ হাজার ৯০০ কোটি টাকা নিয়েছে সরকার। শরিয়াহভিত্তিক এ বন্ড কেনার জন্য পূর্বনির্ধারিত নিলামে মোট ৭২ হাজার ৫৯৮ কোটি টাকার আবেদন জমা পড়ে, চাহিদার তুলনায় যা ১২ দশমিক ৩০ গুণ। প্রথমবারের মতো সুকুকের এ নিলাম হয়েছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শরিয়াহ সিকিউরিটিজ মডেল (এসএসএম) ব্যবহার করে। সাত বছর মেয়াদি ভাড়াভিত্তিক সুকুকে গ্রাহক বার্ষিক ভাড়া বা মুনাফা পাবেন ১০ দশমিক ৪০ শতাংশ। শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা বা উইন্ডো এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এখানে আবেদন করে। নিলামে ঘোষিত পরিমাণের চেয়ে আবেদন অনেক বেশি হওয়ায় আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে।

অর্থবিভাগের কর্মকর্তারা বলছেন, দেশে শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের বেশ ভালো চাহিদা রয়েছে। তবে পর্যাপ্ত শরিয়াহভিত্তিক আর্থিক পণ্য না থাকায় অনেকেই তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে পারছেন না। সাম্প্রতিক সময়ে সরকারের সুকুকে কয়েক গুণ বেশি আবেদন পড়তে দেখা গেছে। এ অবস্থায় যারা শরিয়াহভিত্তিক পণ্যে বিনিয়োগ করতে চান, তাদের জন্য সঞ্চয়পত্র ইস্যু করতে চায় সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী বছরের শুরুতেই শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র চালু করার পরিকল্পনা রয়েছে।

এআই নিয়ে একে আজাদ

আমিও তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব

অনলাইন ডেস্ক
আমিও তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, ‘পৃথিবী যেভাবে আগাচ্ছে আমরা কিন্তু সেভাবে এগোতে পারছি না। এখন পৃথিবী চাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে ডিপেন্ডেন্সি বাড়াতে। বায়াররা ক্লিয়ার বলে দিয়েছে প্রাইস বাড়াবে না। ফলে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ম্যানপাওয়ার কমাতে হবে। আমার ৭৫ হাজার কর্মী। সেখান থেকে আমার টার্গেট ১০ হাজার কর্মী কমাব।’

রবিবার (৭ জুন) ইকবাল আহসানের সঞ্চালনায় ‘একাত্তর বিজনেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ কে আজাদ বলেন, ‘এ ১০ হাজার লোকতো স্কিলড। তারা চাকরিতে ছিল। তো এরা যাবে কোথায়? এ জন্য সরকারকে দূরদর্শী হতে হবে এ বাজেটে। অনেক কোম্পানি বসে যাচ্ছে। তারা প্রাইস মিট করতে পারছে না, এফিশিয়েন্সি বাড়ছে না অথচ তাদের খরচ বাড়ছে। যার জন্য প্রতি মাসে কিছু না কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না অন্যান্য ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি বিদেশের সঙ্গে তাল মিলে না চলতে পারি, ইফিশিয়েন্ট না হই তাহলে সারভাইভ করবো না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন এক কোটি লোকের কর্মসংস্থান করবেন। কিন্তু এক কোটি লোকের কর্মসংস্থান তো আমাদেরকে দিয়ে করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা ক্লিয়ার বলে আসছি ইন্টারেস্ট কমাতে। ১৩-১৪ শতাংশ ইন্টারেস্ট নিয়েতো আর কারখানা চালানো যায় না।’

এ শিল্প উদ্যোক্তা বলেন, ‘আমাদের রপ্তানিমুখী শিল্প আছে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি যেটা শতকরা ৮৫ ভাগের ওপরে। এটা রপ্তানিমুখী শিল্পের সঙ্গে এটাও চাঙ্গা করতে হবে। আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা এ চাহিদাটা আমি যদি মিট করতে চাই।’

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আজ সোনার ভরি কত?

ঈদুল আজহার পর দেশে দ্বিতীয় দফায় কমেছে সোনার দাম। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

গত শনিবার বাজুস জানিয়েছে, নতুন করে দামে পরিবর্তন না আসায় আজ সোমবারও একই দামে বিক্রি হবে সোনা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

 

এর আগে, ২ জুন ঈদের পর প্রথম দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেসময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়।

আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ভয়ংকর চাপে মানুষ

১৬ মাসে সর্বোচ্চ মে-তে

অনলাইন ডেস্ক
আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ভয়ংকর চাপে মানুষ

বাংলাদেশে আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। অর্থাৎ গত ১৬ মাসের মধ্যে মে মাসেই সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা গেছে। এর আগের মাস এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। ফলে টানা দুই মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দামের প্রভাবে খাদ্য ও খাদ্যবহির্ভূত-উভয় খাতেই পণ্যের দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর জীবনযাত্রার চাপ আরও বেড়েছে।

বিবিএসের হিসাবে, মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৬ শতাংশে, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে   খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি মে মাসে হয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। এই খাতে বৃদ্ধি হয়েছে ০ দশমিক ১৪ শতাংশ। গ্রাম ও শহর- দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ বেড়েছে। মে মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ।

শহরাঞ্চলে একই সময়ে মূল্যস্ফীতি ০ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশে। শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত ৯ দশমিক ২৪ শতাংশ।

এদিকে মে মাসে জাতীয় গড় মজুরি হার বেড়েছে ৮ দশমিক ২১ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম হারে বাড়ছে। ফলে আয় বাড়লেও বাজার থেকে পণ্য কিনতে মানুষের বাস্তব সক্ষমতা কমে যাচ্ছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

ছোট ব্যবসার বড় অবদান, অর্থনীতির প্রাণ সিএমএসএমই খাত | কালের কণ্ঠ