ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেছেন, ‘নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ করতে হবে।’ এ সময় দেশের আইন-শৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চান, তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
চরমোনাই পীর জানান, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে। তিনি আরো দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মো. সুলতান মাহমুদকে এবং নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।






