ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বলপ্রয়োগ, বিক্ষোভকারীদের ওপর হামলা এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি (এনসিপি)। একই সঙ্গে সংগঠনটি এ ঘটনার নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
সোমবার (২০ জুলাই) জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ, সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক স্বাধীনতার অংশ। মতপার্থক্যের সমাধান বলপ্রয়োগ বা দমনমূলক ব্যবস্থার মাধ্যমে নয়, বরং সংলাপ, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
জাতীয় যুবশক্তি দাবি করে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করেছে। পাশাপাশি আন্দোলনের নেতৃস্থানীয় অনেককে আটক করা হয়েছে। এসব তথ্য সঠিক হলে তা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে উদ্বেগের কারণ বলে উল্লেখ করা হয়।
সংগঠনটি আরো বলে, তরুণদের কণ্ঠস্বর দমন করে নয়, বরং তাদের বক্তব্য শোনা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। তাই শান্তিপূর্ণ আন্দোলন ও তরুণদের ন্যায্য দাবিকে সম্মান জানানো প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।
বিজ্ঞপ্তিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, বলপ্রয়োগের অভিযোগ পর্যালোচনা করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের প্রতি গণতান্ত্রিক সংহতি প্রকাশ করে জাতীয় যুবশক্তি। সংগঠনটির ভাষ্য, ন্যায়, জবাবদিহিতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলন বৈশ্বিক গণতান্ত্রিক চেতনারই অংশ।






