• ই-পেপার

ইসলামে স্বাস্থ্যকর খাবারের তাগিদ

সমাজে ইমামের মর্যাদা ও সামাজিক আচরণবিধি

শায়খ আতাউর রহমান নদভী
সমাজে ইমামের মর্যাদা ও সামাজিক আচরণবিধি
সংগৃহীত ছবি

সমাজে মসজিদের ইমামদের বর্তমান অবস্থান এবং তাঁদের মানসিক সংকটের একটি বাস্তবচিত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে একজন ইমাম সাহেবের সঙ্গে কথোপকথনে ফুটে উঠেছে। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে আমাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলেন এবং এক পর্যায়ে আক্ষেপ করে বললেন, ‘আজকাল সমাজের মসজিদের ইমামরা মুকতাদিদের গোলামি ছাড়া আর কী করছে? তারা (মুকতাদিরা) যা চায়, ইমামরা তা-ই করছে; খতিবও তার আলোচনায় তাদের সন্তুষ্টির কথা মাথায় রেখে আলোচনা করছেন।

কোরআন-সুন্নাহ যা চায়, তা করছে না। কারণ সত্য কথা বললে চাকরি থাকবে না। তাই অনেক সময় ভাবি, সামান্য একটু রুটি-রোজীর জন্য কোরআন-সুন্নাহ বাদ দিয়ে মুসল্লিদের সন্তুষ্টি নিয়ে ব্যস্ত সময় পার করছি! আখিরাতে আল্লাহর কাছে কী জবাব দেব—এটি নিয়ে সব সময় ভাবনায় থাকি।’
একজন ইমামের মুখে এমন বাস্তব ও বেদনাদায়ক কথা শোনার পর বাসায় ফিরে অবসর সময়ে গভীরভাবে চিন্তা করে এই আত্মিক ও সামাজিক রোগ দূর করার জন্য যে সমাধানগুলো সামনে আসে, তা নিচে বিন্যস্ত করা হলো—

১. আত্মমর্যাদা রক্ষা এবং মুকতাদিদের সঙ্গে দূরত্ব বজায় রাখা

* ইমামের নিজস্ব মর্যাদা ও দূরত্ব : ইমামকে সব সময় মুসল্লিদের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজের দ্বিনি মর্যাদা ও ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। অতিরিক্ত সস্তা বা সহজলভ্য হয়ে গেলে হকের দাওয়াত ও ইমামতির প্রভাব ক্ষুণ্ন হয়। মসল্লিদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গালগপ্প প্রথমেই ছাড়তে হবে। তাদের সঙ্গে চা-দোকানে আর পান দোকানে বসা পরিহার করতে হবে। নিজের প্রয়োজনে বাজারে গেলে দ্রুত ফিরে আসতে হবে।

কেউ কোনো প্রশ্ন করে কিছু জানতে চাইলে তাকে নামাজের পর মসজিদে দেখা করতে অথবা নিজের রুমে এসে জানতে বলতে হবে।
* অতিরিক্ত ফ্রি না হওয়া : মুকতাদিদের সঙ্গে অনাবশ্যক ফ্রিনেস বা বেতাকল্লুফ (লৌকিকতাহীন ঘনিষ্ঠতা) রাখা যাবে না। এই ধরনের খোলামেলা ঘনিষ্ঠতা শুদু নিজের স্ত্রী ও সন্তানদের সঙ্গেই মানায়।

২. মুকতাদিদের বাড়িতে অতিরিক্ত খাওয়াদাওয়া পরিহার করা

* মুকতাদিদের বাড়িতে ঘন ঘন দাওয়াত বা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। একটা সময় ছিল যখন মানুষ অত্যন্ত ভালোবাসা ও ভক্তি-শ্রদ্ধা নিয়ে ইমামদের আপ্যায়ন করত। কিন্তু বর্তমানের বস্তুবাদী মানসিকতা বা যে কারণেই হোক না কেন—পরিস্থিতি এখন বদলে গেছে। ইমামদের খাওয়াদাওয়ার ওপর অনেক সময় তাদের হকের বয়ান নির্ভর করে ফেলে। তাই চেষ্টা করুন, যেখানে উপযুক্ত দ্বিনি পরিবেশ নেই, সেখানে মুকতাদিদের ঘরে গিয়ে খাওয়াদাওয়া না করতে।

৩. বিভিন্ন মতাদর্শের মুকতাদিদের প্রতি আচরণ

* সমালোচনা বর্জন : নিজের বক্তৃতা ও বয়ানে প্রজ্ঞা এবং দূরদর্শিতার সঙ্গে সত্য তুলে ধরুন, কিন্তু অন্য কোনো ঘরানার মানুষকে উপহাস বা ঠাট্টা করবেন না। এতে মানুষের মধ্যে দূরত্ব ও ক্ষোভ তৈরি হবে। পরিশেষে আপনার ব্যাপারেও বিরূপ মন্তব্য শুরু হবে।

* মসজিদের উদার পরিবেশ : চেষ্টা করুন আপনার মাসজিদের পরিবেশ এমন রাখতে, যেন প্রতিটি মতাদর্শ ও ঘরানার মানুষ সেখানে দ্বিন শেখার জন্য স্বাচ্ছন্দ্যে আসতে পারে।

৪. বিদআত ও কুসংস্কার থেকে বেঁচে থাকা

* যাবতীয় বিদআত, অনৈসলামিক রীতিনীতি ও সামাজিক কুসংস্কার থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন।

* শুধু দাওয়াত খাওয়া এবং কিছু অর্থ কামানোর ধান্ধায় কোরআন-সুন্নাহর বাইরে বা সমাজের লোকদের কথায় নতুন কোনো ইবাদতের সিস্টেম চালু করবেন না।

* মানুষকে যা বলবেন তা আগে নিজে করে দেখাবেন।

* রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু খাবেন না।

* সমাজের ছোট-বড় সবাইকে সালাম দেবেন, এখানে তিক্ত একটি কথা না বলে পারছি না। এই যুগের মাদরাসাপড়ুয়া ছাত্ররা এবং আলেমদের বড় একটি সংখ্যা মনে করেন তাঁরা শুধু সালাম পাওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। তাই তাঁরা অন্যকে সালাম দেন না। এ প্রসঙ্গে আমার একজন শিক্ষকের কথা মনে পড়ছে। আমরা তাঁকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকি যে তিনি আরেকটু কাছে এলে সালাম দেব; কিন্তু না, তার আগেই তিনি সালাম দিয়ে দিতেন। তাঁকে কেউ আগে সালাম দিতে পারেনি।

৫. মাজহাব ও অন্যান্য ওলামাদের প্রতি সহনশীলতা

* মতান্তরের প্রতি উদারতা : ভিন্ন ভিন্ন মাজহাব ও মতামতের প্রতি উদারতা এবং সহনশীলতা বজায় রাখুন। যে বিষয়ের পেছনে কোরআন ও সুন্নাহর কোনো না কোনো দলিল বা গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে, তা নিয়ে সাধারণ মানুষকে জোরজবরদস্তি বা পাকড়াও করবেন না।

* মাশায়েখদের সম্মান : আপনার সমসাময়িক বা অন্যান্য দ্বিনি নেতা, আলেম এবং মাশায়েখদের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলুন। চাই তিনি যে মাজহাবেরই হোন না কেন? যে দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন? এসব কথা মানতে পারলে সমাজে আপনার মর্যাদা বাড়বে।

* অবসর সময়ে জিকির-আজকার করতে থাকুন। বিশেষ করে ইস্তিগফার করতে থাকুন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন।

৬. রাজনীতি ও বিতর্কিত বিষয় পরিহার

* রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়ের জটিল চোরাবালি এবং অনাবশ্যক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। মসজিদের মিম্বারকে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির ঊর্ধ্বে রাখুন।

৭. নামাজের পর মুসাল্লায় (জায়নামাজে) অবস্থান ও সুন্নত আদায়

* প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর তাড়াহুড়া না করে কিছুক্ষণ জায়নামাজে জিকির ও দোয়ায় অবস্থান করুন। তবে এটি আপনার নিজস্ব ইবাদত। তাই এটি কোনোভাবেই জোরে করা যাবে না। কারণ আপনার জোরে জোরে দোয়া কত মানুষ সুরাতুল ফাতেহা ভুলে তা কি আপনি জানেন? তাই আপনার দোয়া জান্নাতে না নিয়ে জাহান্নামেও নিতে পারে—এটি ভুলে যাবেন না। মেহরাবের পেছনের দরজাগুলো মূলত (মানুষের মুখোমুখি হওয়া থেকে) পালিয়ে যাওয়ার রাস্তা। মসজিদে এমন দরজা রাখবেন না।

* সব সময় মেহরাবের ভেতর থেকেই সরাসরি জায়নামাজে আসা এবং সালাম ফিরিয়েই সেখান দিয়ে বের হয়ে যাওয়ার স্থায়ী অভ্যাস করবেন না। কোনো বিশেষ বাধ্যবাধকতা বা জরুরি প্রয়োজন থাকলে তা ভিন্ন কথা।

* ফরজের আগের ও পরের সুন্নাত নামাজগুলো মসজিদেই আদায় করুন। যদিও সাধারণ মানুষের জন্য সুন্নত ও নফল নামাজ ঘরে পড়া উত্তম, কিন্তু একজন ইমাম হওয়ার খাতিরে আপনি তা করবেন না; বরং মুসল্লিদের শিক্ষা দেওয়া এবং ভুল-বোঝাবুঝি এড়াতে মসজিদেই তা আদায় করুন।

আজ বায়তুল মুকাররমে জুমার প্রাক-খুতবায় বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী

ইসলামী জীবন ডেস্ক
আজ বায়তুল মুকাররমে জুমার প্রাক-খুতবায় বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী
সংগৃহীত ছবি

উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আজ (শুক্রবার, ১৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পূর্বে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে আল্লামা সাজ্জাদ নোমানী ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন। এ সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।

জানা গেছে, আজকের প্রাক-খুতবার আলোচনায় তিনি ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চার গুরুত্ব, দাওয়াহর দায়িত্ব এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন। তার এই বক্তব্য শুনতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি, আলেম-উলামা ও ইসলামপ্রেমী মানুষের সমাগম হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে আগামীকাল (১৮ জুলাই) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে। সেখানে আয়োজিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী ও পটিয়ার শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র। পাশাপাশি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।

দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী এই বরেণ্য আলেম কোরআন, হাদিস ও সমসাময়িক বিষয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।

আজকের নামাজের সময়সূচি, ১৭ ‍জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ১৭ ‍জুলাই, ২০২৬

আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ, ১৪৩৩, ২ সফর, ১৪৪৮।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জুমার সময় শুরু ১২টা ৮ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৪৩ মিনিটে।

মাগরিব ৬টা ৫২ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ১৬ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৫৮ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৯ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

সাপ-বিচ্ছুর দংশন থেকে বাঁচার দোয়া

ইসলামী জীবন ডেস্ক
সাপ-বিচ্ছুর দংশন থেকে বাঁচার দোয়া

প্রিয় নবী (সা.) ছিলেন সাপ-বিচ্ছুসহ বিষাক্ত প্রাণীর দংশন থেকে বাঁচতে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো-

اِنَّا نَسْئَلُكَ بِعَهْدِ نُوْحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاؤُدَ اَنْ لَا تُؤْذِيْنَا

উচ্চারণ : ইন্না নাসআলুকা বিআহদি নুহ, ওয়া বিআহদি সুলাইমানাবনি দাউদা আল্লা তুযিনা।

অর্থ : ও হে সাপ! আমরা নূহ্ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের অঙ্গীকারের কথা তোদের স্মরণ করিয়ে দিচ্ছি। তোরা আমাদের কোন ক্ষতি করিস না এবং আমাদের কষ্ট দিস না।

হাদিস শরিফে এসেছে,

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ : " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، سُئِلَ عَنْ حَيَّاتِ الْبُيُوتِ ، فَقَالَ:( إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ ، فَقُولُوا: أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ ، أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ ، أَنْ لَا تُؤْذُونَا !! فَإِنْ عُدْنَ ، فَاقْتُلُوهُنَّ ، أخرجه أبو داود في "سننه"

আবদুর রহমান বিন আবু লায়লা তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে ঘরের সাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরে এমন কিছু দেখলে পড়বে, আমি তোমাদের সেই অঙ্গীকারের শপথ করে বলছি যা নুহ (আ.) তোমাদের থেকে গ্রহণ করেছিলেন। আমি তোমাদের সেই অঙ্গীকারের শপথ করে বলছি যা সুলায়মান (আ.) তোমাদের কাছ থেকে নিয়েছিলেন, তোমরা আমাদের ক্ষতি করবে না। এরপর তারা আবার আসলে তাদের হত্যা করবে।’ (আবু দাউদ, হাদিস : ৫২৬০)

অন্য হাদিসে বিষাক্ত প্রাণীসহ সব ধরনের ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষিত থাকার দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো- 

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ 

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি : ৩৬০৪)

ইসলামে স্বাস্থ্যকর খাবারের তাগিদ | কালের কণ্ঠ