• ই-পেপার

‘সমাজচ্যুতকে’ মাংস দেওয়া নিয়ে দ্বন্দ্ব

চান্দিনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল

উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে
ছবি : কালের কণ্ঠ

যশোর থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে (ফাতাহ কমব্যাট সিস্টেম) সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তাহসীন ইসলাম (১৯) নামের এক তরুণকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এ বি সিদ্দিক আসামি তাহসীনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান।

আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাহসীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আজ আসামি তাহসীনের পক্ষে কোনো জামিন আবেদন ছিল না।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিজ বাড়ি থেকে তাহসীনকে আটক করে। অভিযানের সময় তার ঘর তল্লাশি করে একটি চাপাতি ও তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, রাজধানীর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি ৩ নম্বর আসামি।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।

আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘ফাতাহ কমব্যাট’-এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জানা গেছে, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের একটি সংগঠন মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছে—এমন অভিযোগের তদন্ত চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়গুলো এখনো তদন্তাধীন।

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র কোরআনের তাফসির গ্রন্থে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। তবে তাকে এজলাসে তোলা হয়নি। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির রিমান্ড আবেদন এবং জামিন আবেদন ছিল না।

মামলার অভিযোগ অনুযায়ী, গতকাল রাত আনুমানিক ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পশ্চিম পাশের পাদদেশে সাইয়েদ আবুল আলা মওদুদি রচিত ‘তাফহীমূল কুরআন’-এর তিনটি খণ্ডে আগুন দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতা ওই যুবককে আটক করে। খবর পেয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেন। উত্তেজিত জনতার মারধরে আসামি সামান্য আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আসামিকে কারাগারে রাখা হোক। পরবর্তীতে তার রিমান্ডের আবেদন করা হবে।

অধিকার রক্ষায় সাংবিধানিক হাতিয়ার রিট

বাসস
অধিকার রক্ষায় সাংবিধানিক হাতিয়ার রিট
সংগৃহীত ছবি

নাগরিকের অধিকার রক্ষার অন্যতম কার্যকর সাংবিধানিক হাতিয়ার রিট। অনেক সময় হাইকোর্টে একজন ব্যক্তির করা রিটের সুফল ভোগ করেন দেশের হাজারো মানুষ।

সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী পাঁচ ধরনের রিট করার সুযোগ রয়েছে। সেগুলো হলো–

রিট অব হেবিয়াস করপাস (Habeas Corpus) : কোনো ব্যক্তিকে আইনগত কারণ ছাড়া আটকে রাখা হলে হেবিয়াস করপাস রিট করা যায়। এক্ষেত্রে বেআইনিভাবে আটক বা গ্রেপ্তার ব্যক্তিকে হাজির করতে হাইকোর্ট নির্দেশ দেন।

রিট অফ ম্যান্ডামাস (Mandamus) : কোনো সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের আইন অনুযায়ী যে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে, তা না করলে হাইকোর্ট সেই কাজ করতে নির্দেশ দেন।

রিট অব সার্টিওরারি (Certiorari) : বিচারিক আদালত বা ট্রাইব্যুনাল আইনবহির্ভূতভাবে কোনো আদেশ দিলে হাইকোর্ট সেই আদেশ বাতিল করতে পারেন।

রিট অব প্রহিবিশন (Prohibition) : বিচারিক আদালত বা ট্রাইব্যুনাল যদি তাদের আইনগত ক্ষমতার বাইরে কোনো মামলা শুনতে শুরু করেন, তাহলে হাইকোর্ট তাদের সেই কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেন।

রিট অব কো-ওয়ারেন্টো (Quo Warranto) : কেউ আইনগত যোগ্যতা ছাড়া কোনো সরকারি পদে থাকলে এই রিটের মাধ্যমে হাইকোর্ট তার বৈধতা যাচাই করেন।

জনস্বার্থ রিটের ঐতিহাসিক ভিত্তি : মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ মামলা থেকে মূলত জনস্বার্থ মামলার আইনগত ভিত্তি তৈরি হয়। এই মামলার রায়ে বলা হয়, জনস্বার্থের জন্য ক্ষতিকর এমন কোনো ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি প্রতিকার চেয়ে জনস্বার্থে মামলা করতে পারেন। সেই থেকে আমাদের দেশে জনস্বার্থে করা রিট মামলা ভিন্ন মাত্রা পায়।

ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি কিংবা জনস্বার্থ রক্ষায় দৃষ্টান্ত সৃষ্টি করা রিটের সংখ্যা কম নয়। কিছু রিটের ফলে আমাদের সমাজ ও জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন।

ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন : শিশু উমাইরকে নিয়ে তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা এক রিটের পর হাইকোর্ট কর্মস্থল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো পাবলিক প্লেস এবং স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নির্দেশ দেন।

নদী পায় আইনি অধিকার : নদী দখল ও দূষণের বিরুদ্ধে করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তুরাগ নদীসহ দেশের সব নদীকে ‘জীবন্ত সত্তা (Legal Entity)’ হিসেবে স্বীকৃতি দেন। এর ফলে নদী রক্ষায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পায় এবং অবৈধ দখল উচ্ছেদে নতুন আইনি ভিত্তি তৈরি হয়।

মায়ের পরিচয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ : জনস্বার্থে করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ফরমে শুধু মায়ের নাম দিয়েও ভর্তি হওয়ার সুযোগ থাকতে হবে। এর ফলে বিশেষ করে যাদের পিতার পরিচয় উল্লেখ করা সম্ভব নয়, তারা বৈষম্যের শিকার না হয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

ক্ষতিপূরণের দৃষ্টান্ত : ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদ ৬ বছরের আইনি লড়াইয়ে শেষে গত ৬ জুলাই ক্ষতিপূরণের সর্বমোট ৩০ লাখ টাকা বুঝে পায়। নাঈমের বাবার করা রিটের পর হাইকোর্টের রায় ও আপিল বিভাগের নির্দেশে এই ক্ষতিপূরণ মেলে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলায় পদক্ষেপ : দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের প্রতিকারে অ্যান্টি র‌্যাগিং কমিটি ও র‌্যগিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট। 

অন্যদিকে, ২০০৯ সালে হাইকোর্টের এক রায়ের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা দীর্ঘদিন দেশের প্রধান নীতিমালা হিসেবে অনুসরণ করা হয়।

জরুরি চিকিৎসাসেবার নিশ্চয়তা : জরুরি চিকিৎসাসেবা দিতে বিভিন্ন হাসপাতালের অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটি রিট করা হয়। সে রিটের শুনানি শেষে হাইকোর্ট গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের সব হাসপাতালকে নির্দেশ দেন।

উচ্চ আদালতের রিট মামলার বাস্তবতা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বলেন, রিট মামলা সাংবিধানিক একটি অধিকার। জনস্বার্থের (রিট) মামলার মাধ্যমেই আদালতের হস্তক্ষেপে অনেক ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ব্যক্তি তার আইনি অধিকার নিশ্চিত করতে পারছে। তবে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেকেই হাইকোর্টে রিট করেন শর্টকাট পন্থায় মিডিয়ায় পরিচিতি পাওয়ার জন্য। এটা খুবই দুঃখজনক। এক্ষেত্রে মিডিয়া ও সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে যাতে জনস্বার্থহীন কোনো বিষয়কে পুঁজি করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। সর্বোপরি আমাদের এই সমাজ-রাষ্ট্রের প্রয়োজনেই জনস্বার্থ (রিট) মামলার দ্বার উন্মুক্ত থাকা দরকার।

তত্ত্বাবধায়ক-গণভোট ফেরানোর রায় বহাল, বাকি সুরাহা সংসদে

নিজস্ব প্রতিবেদক
তত্ত্বাবধায়ক-গণভোট ফেরানোর রায় বহাল, বাকি সুরাহা সংসদে
সংগৃহীত ছবি

গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে এক যুগ আগে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল, তার কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে তিনটি আপিল গতকাল বৃহস্পতিবার খারিজ করে রায় দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। এর ফলে দেড় বছর আগে দেওয়া হাইকোর্টের রায়ই বহাল থাকছে বলে জানিয়েছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আইনজীবীরা।

ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত ‘৫৮ক’ অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা দিয়ে ‘৫৮ক’ অনুচ্ছেদটি বিলোপ করা হয়। হাইকোর্ট রায়ের একটি পর‌্যবেক্ষণে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে তা বাতিল ঘোষণা করা হলো। সংবিধানের মৌলিক কাঠামো হিসেবে ধারা দুটি গণতন্ত্রকে ধ্বংস করেছে।

সর্বোচ্চ আদালতের রায়ের পর হাইকোর্টের এই পর্যবক্ষণের কথা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকল। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে যখন রিট করা হয়, তখন হাইকোর্ট চারটি বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা। এছাড়া সংবিধানে ৭ক, ৭খ বাতিলের রায়সহ আল্টিমেটলি হাইকোর্টের রায়টি বহাল থাকল।’

যেভাবে আসে পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে ‘পঞ্চদশ সংশোধনী আইন’ নামে পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করেছিল আওয়ামী লীগ সরকার। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়; সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এছাড়াও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও পঞ্চদশ সংশোধনীতে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান যুক্ত করা হয়।

এসব সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। এই রিটে প্রাথমিক শুনানির পর ২০২৪ সালের ১৯ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, ২০১১ কেন অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয় রুলে। পরে এই রুল সমর্থন করে ইন্টারভেনার (মধ্যস্ততাকারী সহযোগী) হিসেবে যুক্ত হন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল হিসেবে যুক্ত করা হয় গণফোরাম এবং ইনসানিয়াত বিপ্লব নামের একটি রাজনৈতিক দলকে। এছাড়া নওগাঁর বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও এক পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেছিলেন। গত বছর ১৭ ডিসেম্বর দুটি রিটে একসঙ্গে রায় দেন উচ্চ আদালত। গত বছরের ৮ জুলাই ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

এরপর গত বছর ৩ নভেম্বর এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভটু আপিল) করেন চার রিট আবেদনকারী। বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও লিভ টু আপিল করেন। ১৩ নভেম্বর এসব লিভটু আপিল মঞ্জুর করে তাঁদের আপিল করার অনুমিত দেন সর্বাচ্চ আদালত। পরে তাঁরা নিয়মিত আপিল করেন। এরপর শুরু হয় শুনানি। এসব আপিলে শুনানি চলার মধ্যে গত বছর ২ ডিসেম্বর বিএনিপির পক্ষে এ মামলায় পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ইন্টারভেনার (মধ্যস্ততাকারী সহযোগী) হিসেবে যুক্ত হয় আরো দুইটি সংগঠন।

গত ৬ জুলাই তিনটি আপিলে শুনানি শুরু হয়। রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. শরীফ ভূইয়া। এরপর শুনানি শুরু করেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর ইন্টারভেনারদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক, এ এস এম শাহরিয়ার কবির ও আইনজীবী হামিদুল মিজবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাসুদ। গত বুধবার শেষ হলে বৃহস্পতিবার  হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত।

রায়ের পর রিটকারী পক্ষের আইনজীবী মো. শরীফ ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘দুই বছর আগে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম, সর্বোচ্চ আদালত থেকে তার একটা পরিণীতি হলো। সেই কারণে দিনটিকে ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। হাইকোর্টের রায়টি আপিল বিভাগ কর্তৃক অনুমোদনের প্রয়োজন ছিল। কারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল। আর এই কারণেই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে অর্থ যেটা দাঁড়িয়েছে যে, হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে।’

আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবুহু বহাল রাখায় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ‘স্ববিরোধীতা’ তৈরি হয়েছে বলে মনে করেন এই আইনজীবী। এর পক্ষে তাঁর যুক্তি হচ্ছে- ‘সংবিধানের ১২৩(৩ক) অনুচ্ছেদ (অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে পুনর্বহাল (ত্রয়োদশ সংশোধনী) হওয়া ‘৫৮ক’ অনুচ্ছেদে বলা আছে, সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তো এখন যদি প্রথম বিধানটা পরিপালন করা হয় তাহলে তো সংসদ ভেঙে যাওয়ার আগেই নির্বাচন করে ফেলতে হবে। তখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর সুযোগই থাকছে না। আর যদি সংসদ ভেঙ্গে যাওয়ার পর তত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে চান, তাহলে প্রথম যে অনুচ্ছেদটির কথা বললাম, তার সঙ্গে সাংঘর্ষিক হবে। ফলে একটা স্ববিরোধীতা তৈরি হয়েছে সংবিধানে। তো এই জিনিসটার সুরাহা সংসদেই করতে হবে বলেই মনে হচ্ছে।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও বলেছেন একই কথা। রায়ের পর এক ব্রিফিংয়ে এই আইনজীবী বলেন, ‘আপিল বিভাগের রায়ের মাধ্যমে হাইকোর্ট বিভাগে যে রায় হয়েছিল, সেটি বহাল রাখা হয়েছে। এর অর্থ হলো, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট বিভাগ যে চারটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, সেই বিষয়গুলো অসাংবিধানিক থাকবে। এ ছাড়া বাকি যে বিষয়গুলো আছে, সেগুলো সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট নিয়ে যা বলা হয়েছে হাইকোর্টের রায়ে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সংক্ষিপ্ত রায় দেন। কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই ওই বছর ১১ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বাতিলসহ ৫৪ টি বিষয়ে সংশোদন এনে সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার।

ত্রয়োদশ সংশোধনীর সংক্ষিপ্ত রায় পঞ্চদশ সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে রায়ে বলা হয়েছে, একমাত্র গনভোটের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা এবং মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা যায়। গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো। গণতন্ত্র বিকশিত হয় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূল সংবিধানে না থাকলেও একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের অভিপ্রায়ে ১৯৯৬ সালে তা সংবিধানে যুক্ত করা হয়েছিল।  ফলে এই ব্যবস্থাটি সংবিধানের মৌলিক কাঠামোরই অংশে পরিণত হয়েছে। কারণ, এই ব্যবস্থা বিলুপ্তির পর বিগত তিনটি সংসদ নির্চান (২০১৪, ২০১৮ ও ২০২৫) জনগণের আস্থার কোনো প্রতিফলন ঘটেনি। এই তিনটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক কাঠামো এবং নির্বাচনী ব্যবস্থার পাশাপাশি জনগণের আস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে কারণে সর্বশেষ সরকারকে জনগণের আন্দোলনের মুখে বিতাড়িত হতে হয়েছে। সরকারকে বিতাড়িত করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। শুধু তাই না, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, যা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। পঞ্চদশ সংশোধনী জনগণের এসব আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।

গণভোটের বিধান বাতিল করা নিয়ে রায়ে বলা হয়েছে, ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান যুক্ত করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বিধান বাদ দেওয়া হয়। এছাড়া জনমত বা জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদ অসংশোধনযোগ্য ঘোষণা করা হয়, যা সংবিধানের মৌলিক কাঠামোবিরোধী এবং অসঙ্গতিপূর্ণ। তাই পঞ্চদশ সংশোধনী আইন, ২০১১ এর ৪৭ ধারার মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিল করাকে বাতিল ঘোষণা করা হলো। ফলে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদে যুক্ত করা গণভোটের বিধান পুনরুদ্ধার হলো।

সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়ে রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট রায়ে বলেন, ‘সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। অন্য সব আইনই সংবিধানের নিরিখে হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। যে কোনো আইনোর বৈধতা-অবৈধতা নিরূপন করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।’

হাইকোর্টের ক্ষমতা সংক্রান্ত ৪৪(২) অনুচ্ছেদ বাতিল করা নিয়ে হাইকোর্ট রায়ে বলেন, ‘সংবিধান নিয়ে নির্বাহী বিভাগ এমনকি আইনসভার অনাকাঙ্ক্ষিত সংশোধনের বিচারিক পর্যালোচনা করার সম্পূর্ণ ক্ষমতা হাইকোর্টের রয়েছে। শুধু তাই না, সংবিধানের মৌলিক কাঠামোকে স্পর্শ করে এমন সংশোধন বাতিল ঘোষণা করার ক্ষমতাও হাইকোর্টের রয়েছে।’

রায়ে আদালত বলেন, আইনসভা (সংসদ) পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৪ অনুচ্ছেদে ২ উপ-অনুচ্ছেদের যুক্ত করে হাইকোর্ট বিভাগের ক্ষমতা অধস্তন আদালত দ্বারা প্রয়োগ করার অনুমতি দিয়েছিল। সুতরাং, এটি সংবিধানের ৪৪(১) ও ১০২(১) অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফলে ৪৪(২) অনুচ্ছেদ বাতিল করা হলো।

সংবিধান বাতিল, স্থগিতকরণ অপরাধ হিসেবে গণ্য করা পঞ্চদশ সংশোধনীর ৭ক ও ৭খ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে রায়ে আদালত বলেন, ‘সংবিধান দেশের সর্বোচ্চ আইন। জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং চিন্তার স্বাধীনতা, অভিব্যক্তিকে সর্বোচ্চ নিশ্চয়তা দেয় সংবিধান। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৭ক ও ৭খ উপঅনুচ্ছেদ যুক্ত করে সেই নিশ্চয়তাকে খর্ব করা হয়েছে, যা ৭ অনুচ্ছেদের বিধানের সম্পূর্ণ বিপরীত এবং চরম সংবিধানবিরোধী। যে কারণে ৭ অনুচ্ছেদ থেকে ৭ক ও ৭খ উপঅনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হলো।’

রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত আরো বলেন, ‘সংবিধান কেবল অতীত ও বর্তমানকে নিরূপন করে না। এটা ভবিষ্যতেরও দিশারী। একইভাবে সংবিধান কেবল একটি দালিলিক বিষয় নয়, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য সংবিধান একটি জাতির ভিত্তি এবং মৌলিক নির্দেশকও। একই সঙ্গে তা বিকশমান এবং পরিবর্তনশীল।’

সাংবিধানিক ও আইনগত পরিবর্তন সংবিধানের মৌলিক কাঠামো অনুযায়ী করতে হবে উল্লেখ করে রায়ে বলা হয়েছে, সেজন্য আইন বিভাগকে অবারিত ক্ষমতা দেওয়া হয়নি। সংবিধানের মৌলিক কাঠামোর মাধ্যমে আইন বিভাগ বা সংসদের ক্ষমতাকে সীমিত করা হয়েছে। পঞ্চদশ সংশোধীর মাধ্যমে মৌলিক কঠামোকে ধ্বংস করা হয়েছিল।

চান্দিনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল | কালের কণ্ঠ