• ই-পেপার

ইন্টারনেটে মানুষের চেয়ে বট বেশি

  • ১ জুলাই ক্লাউডফ্লেয়ারের প্রকাশিত নেটওয়ার্ক ট্রাফিক রিপোর্ট অনুযায়ী এখন ওয়েব ট্রাফিকের অর্ধেকেরও বেশি বিভিন্ন ধরনের বট। বিশেষজ্ঞদের মতে, এটি ইন্টারনেট ট্রাফিকে বড় পরিবর্তনের ইঙ্গিত। লিখেছেন সাদিয়া আফরিন হীরা

স্মার্টফোন বিক্রি কমেছে ১১ শতাংশ

স্মার্টফোন বিক্রি কমেছে ১১ শতাংশ

কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় স্মার্টফোন বিক্রি কমেছে প্রায় ১১ শতাংশ। ২০১৩ সালের পর গত ১৩ বছরে কখনোই এতটা কমেনি স্মার্টফোন বিক্রি। র‌্যাম ও স্টোরেজ চিপের উচ্চমূল্য ও সরবরাহ ঘাটতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। বছরের বাকি দুই প্রান্তিকেও স্মার্টফোন বিক্রি কমা অব্যাহত থাকবে। রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোন বিক্রিতে স্যামসাং তাদের আধিপত্য ধরে রেখেছে, বিক্রি বেড়েছে অ্যাপলেরও। বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২৪ শতাংশ দখল করেছে স্যামসাং, ২০ শতাংশ অ্যাপল, ১২ শতাংশ শাওমি, ১১ শতাংশ অপো, ৮ শতাংশ ভিভো ও অন্যান্য ব্র্যান্ডের বিক্রি মিলে বাদবাকি ২৬ শতাংশ। সব কটি ব্র্যান্ডের মাঝারি মূল্যে মডেলগুলোর বিক্রি কমেছে। র‌্যাম ও স্টোরেজের চড়া মূল্যের প্রভাবে মাঝারি বাজেটের ফোনগুলোতে অপেক্ষাকৃত দুর্বল হার্ডওয়্যার ব্যবহারে বাধ্য হচ্ছে নির্মাতারা, ফলে ক্রেতারা বাজেট বাড়িয়ে পুরনো ফ্ল্যাগশিপ কেনায় আগ্রহী হচ্ছে। মাঝারি বাজেটের মডেল উৎপাদনই কমিয়ে দিয়েছে শাওমি। এ অবস্থা চলতে থাকলে স্মার্টফোন বাজারে ধস নামতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

টেকবিশ্ব ডেস্ক 

 

 

টুকরো খবর

প্রথম এআই ফোন আনল চীন

প্রথম এআই ফোন আনল চীন
স্টেপএক্স নিও এআই স্মার্টফোন

১৩ জুলাই সাংহাইয়ে বিশ্বের প্রথম এআই স্মার্টফোন উন্মোচন করেছে স্টেপফান। প্রতিষ্ঠানটি বেশ নতুন হলেও এর পেছনে আছে বিখ্যাত গেম নির্মাতা ও প্রকাশক টেনসেন্ট হোল্ডিংস। ফোনটির নাম দেওয়া হয়েছে ‘স্টেপএক্স নিও’। এতে ব্যবহৃত হয়েছে স্টেপফানের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘স্টেপ এওএস’। এতে অ্যাপের বদলে জোর দেওয়া হয়েছে এজেন্টিক এআই ব্যবহারের প্রতি। এতে থাকছে স্টেপফানের নিজস্ব এআই এজেন্ট ‘আমু’। ফোনে শত শত অ্যাপ ইনস্টল করা বা ব্রাউজারে হাজারো ট্যাব খুলে কাজ করার বদলে ব্যবহারকারীরা কী প্রয়োজন সেটি আমুকে জানালেই চলবে। বিভিন্ন ওয়েবসেবা কাজে লাগিয়ে ব্যবহারকারীর প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে আমু, বাড়তি কোনো ইনপুট লাগবে না। আলিপে, ট্রপ ডটকম, ডিডি চিউশিং (রাইড শেয়ারিং সেবা) এবং মেইটুয়ান (ডিজিটাল মার্কেটপ্লেস সুপার অ্যাপ) সরাসরি কাজে লাগাতে পারে আমু, কোনো বাড়তি এপিআই সেটআপের প্রয়োজন নেই। তবে সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং বা ক্যামেরার মতো অ্যাপগুলো বাদ পড়ছে না। ব্যবহারকারীদের জীবন সহজ করার জন্যই ফোনটি তৈরি করা হয়েছে—এমনটাই দাবি স্টেপফানের।

 

একনজরে টিপসই

একনজরে টিপসই

মূল প্রতিষ্ঠান: ইনোভেস টেকনোলজিস লিমিটেড, ব্র্যান্ড নাম টিপসই

প্রতিষ্ঠাতা: আসিফ আমিনুর রশীদ (ব্যবস্থাপনা পরিচালক) এবং মো. মনিরুল আলম (সিইও)

সহপ্রতিষ্ঠাতা: মিনহাজ খান, মুস্তাক আহমেদ, মো. ইকরাম শিমুল এবং খালিদ মুসা সাগর

প্রতিষ্ঠাকাল: ২০১৬ সালে টিপসই ডিভাইসের যাত্রা শুরু হয় এবং ২০১৭ সালে কম্পানি হিসেবে নিবন্ধিত হয়

কম্পানি প্রোফাইল: এটি একটি এআইচালিত বৈশ্বিক কর্মী ব্যবস্থাপনা (Workforce Management) প্ল্যাটফর্ম, যা হার্ডওয়্যার এবং ক্লাউড সফটওয়্যারের সমন্বিত সলিউশন প্রদান করে

বিনিয়োগ: প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ লাখ থেকে আট লাখ মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ পেয়েছে

বিনিয়োগকারী: প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক অ্যাকসেলারেটিং এশিয়া এবং সিলিকন ভ্যালিভিত্তিক অরবিট স্টার্টআপস

গ্রাহক ও ব্যবহারকারী: বর্তমানে এক হাজার ২০০-এর বেশি প্রতিষ্ঠান এবং দুই লাখ ৩৮ হাজারেরও বেশি সক্রিয় ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে

বৈশ্বিক উপস্থিতি: বাংলাদেশসহ বিশ্বের ১১ থেকে ১৫টি দেশে (যেমন—সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, মরিশাস এবং সম্প্রতি ব্রাজিল ও মেক্সিকো) টিপসইয়ের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে

উল্লেখযোগ্য গ্রাহক: তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর, ব্র্যাক এনজিও, ব্র্যাক ব্যাংক, ইউনিলিভার, অ্যাপেক্স, ওয়ালটন, কোকা-কোলা, রেডিয়েন্ট ফার্মা এবং বাংলাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রবৃদ্ধি: ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় তিন গুণ রেভিনিউ প্রবৃদ্ধি অর্জন করেছে

 

 

 

 

ওপেনএআই-অ্যাপলের লড়াই

শাহরিয়ার মোস্তফা
ওপেনএআই-অ্যাপলের লড়াই
টিম কুক ও স্যাম অল্টম্যান। ছবি : সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে মেধাসত্ব চুরির অভিযোগ করেছে অ্যাপল। ১০ জুলাই ক্যালিফোর্নিয়া আদালতে এ বিষয়ে মামলা দায়ের করেছে তারা। অ্যাপলের দাবি, প্রায় দুই বছর ধরে গোপনীয় হার্ডওয়্যার ডিজাইন ও সফটওয়্যার কোড চুরি করে আসছে ওপেনএআই। মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পর সেদিনই এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই।

 

সাবেক কর্মী যখন ট্রোজান হর্স

চলতি বছরের জানুয়ারি মাসে ওপেনএআইয়ে কাজ শুরু করেন অ্যাপলের সাবেক সিনিয়র ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউ। অ্যাপল ছেড়ে যাওয়ার সময় প্রাতিষ্ঠানিক ম্যাকবুক প্রো ল্যাপটপটি জমা দেননি। ওপেনএআইয়ে যোগদানের পরও প্রায় সময়ই তিনি অ্যাপলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে লগইন করতেন, কয়েক ডজন গোপনীয় ডিজাইনও ডাউনলোড করেন।

 

ওপেনএআইয়ের আগ্রাসী নিয়োগ

ওপেনএআইয়ে যোগ দেওয়ার জন্য অ্যাপল কর্মীদের প্ররোচনা দিচ্ছেন প্রতিষ্ঠানটির চিফ হার্ডওয়্যার অফিসার ট্যাং টান। ইন্টারভিউর সময় গোপনীয় প্রজেক্টের বিষয়ে তথ্য দেওয়ার জন্যও অ্যাপলকর্মীদের প্ররোচনা দেন তিনি। এমনকি কিছু কর্মীকে বলা হয় ‘অ্যাপল ছাড়ার আগে গবেষণাগার থেকে কিছু গোপন হার্ডওয়্যার নিয়ে এসো’। মামলায় অ্যাপলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অ্যাপলের নেটওয়ার্ক হ্যাক করার জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছে ওপেনএআই।

 

বৈরিতার নেপথ্যে

মাত্র দুই বছর আগেও সিরি অ্যাসিস্ট্যান্টের ব্যাকেন্ড সার্ভার হিসেবে জিপিটি মডেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল। দেড় বছর পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী কাজ শেষ করেনি ওপেনএআই। তাই জিপিটি বাদ দিয়ে জেমিনি ব্যবহারের সিদ্ধান্ত নেয় অ্যাপল, চুক্তি করে গুগলের সঙ্গে। ওপেনএআই ও অ্যাপলের সম্পর্কে চিড় ধরে এভাবেই।

 

ভবিষ্যৎ প্রভাব

আগামী বছর ওপেনএআই শেয়ারবাজারে আইপিও ছাড়তে যাচ্ছে। এর আগেই যদি মেধাসত্ব চুরির মামলায় তারা হেরে যায়, সে ক্ষেত্রে আইপিওর মূল্যে ধস নামতে বাধ্য। মামলা ঝুলিয়ে রাখলেও আইপিওর ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই দুই পক্ষই চাইবে যত দ্রুত সম্ভব মামলা নিষ্পত্তি করার।