১২ মে ‘দ্য অ্যানড্রয়েড শো’ অনুষ্ঠানে গুগল উন্মোচন করেছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ১৭তম সংস্করণ। এর অনানুষ্ঠানিক নাম ‘অ্যানড্রয়েড সিনামন বান’। এবারের আপডেটে খুব বেশি নতুন ফিচার নেই, ইন্টারফেসেও বড় পরিবর্তন চোখে পড়বে না। অবশ্য বিগত কয়েক বছরে অ্যানড্রয়েড বদলেছে সামান্যই। এতে বোঝা যায়, অপারেটিং সিস্টেমটি এখন পুরোপুরি স্ট্যাবল, পরীক্ষা-নিরীক্ষার আর প্রয়োজন নেই।
জেমিনি ইন্টেলিজেন্স
যথারীতি এবারের আপডেটের বড় অংশ এআই। জেমিনি ইন্টেলিজেন্স ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর ইনপুট ছাড়াই অনেক কাজ নিজে থেকে করতে পারবে অ্যানড্রয়েড ডিভাইস। টেক প্রকাশনা দ্য ভার্জের অ্যালিসন জনসন লিখেছেন, ‘স্বয়ংক্রিয়তার পথে আরেক ধাপ এগিয়ে গেল স্মার্টফোন। কয়েক দিন পর আর ব্যবহারকারীর ফোন স্পর্শও করা লাগবে না।’ ফ্ল্যাগশিপ অ্যানড্রয়েড ডিভাইসগুলোতে এই ফিচার ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী জটিল সব কাজ করতে পারবে জেমিনি, যেমন ফোন করে হোটেল বুকিং করা, খাবার অর্ডার করা, ছবির মধ্যে থাকা কোনো পণ্য অনলাইনে খুঁজে বের করে অর্ডার করা। এক ডেমোনেস্ট্রেশনে গুগল দেখিয়েছে, হাতে লেখা বাজারের ফর্দের ছবি জেমিনিকে দেওয়ার পর সেটি নিজ থেকেই বিভিন্ন ই-কমার্স সাইট সার্চ করে সর্বনিম্ন দাম খুঁজে বের করে অর্ডার করে দিচ্ছে।
‘র্যাম্বলার’ নামের নতুন একটি ফিচার এনেছে গুগল। ভয়েস টাইপিং করার সময় ‘অ্যা’ বা ‘মমম’ অভিব্যক্তিগুলোর পরিমার্জিত টেক্সট আউটপুট পাওয়া যাবে। পাশাপাশি ব্যাকরণগত সমস্যাও ঠিক করে দেবে জেমিনি।
ক্রিয়েটর বান্ধব ফিচার
টিকটক ও ইনস্টাগ্রাম রিলসে ‘স্ক্রিন রি-অ্যাকশন’ ঘরানার ভিডিও জনপ্রিয়। কোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা ভিডিওর ওপর মন্তব্য করে ভিডিও তৈরি করেন অনেক কনটেন্ট ক্রিয়েটর। এত দিন ফোনের স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট নিয়ে আলাদা করে ভিডিও শ্যুট করে এরপর এডিট করে ভিডিও তৈরি করতে হতো। এখন থেকে অ্যানড্রয়েডের ‘স্ক্রিন রি-অ্যাকশনস’ ফিচার ব্যবহার করে স্ক্রিন ও সেলফি ভিডিও দুটোই ধারণ করা যাবে। ইনস্টাগ্রামের জন্যও বড় আপডেট নিয়ে এসেছে গুগল ও মেটা। অ্যাডোবি জানিয়েছে, জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ‘প্রিমিয়ার প্রো’-এর অ্যানড্রয়েড সংস্করণ শিগগিরই সব ব্যবহারকারীর জন্য বাজারে আসছে। আপাতত শুধু গ্যালাক্সি এস২৬ এবং ভিভো এক্স৩০০ আলট্রা ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবে। ফ্ল্যাগশিপ অ্যানড্রয়েড ফোন ও ট্যাবলেটে ডেস্কটপের সমকক্ষ ভিডিও এডিটিং ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাডোবি।
সবার জন্য এয়ারড্রপ
অ্যানড্রয়েডের সঙ্গে আইওএস ও ম্যাকওএস ডিভাইস যাতে সহজেই ফাইল আদান-প্রদান করতে পারে, সে জন্য সব অ্যানড্রয়েড ১৭ ডিভাইসে যোগ করা হবে কুইকশেয়ার টু এয়ারড্রপ ট্রান্সফার ফিচার। যেসব ডিভাইস সরাসরি এয়ারড্রপ করতে পারবে না, সেসব ডিভাইসও কিউআর কোড ব্যবহার করে অ্যাপল ডিভাইসের সঙ্গে ফাইল আদান-প্রদান করতে পারবে। প্রথমে শুধু পিক্সেল, স্যামসাং, ভিভো, শাওমি, অপ্পো, ওয়ানপ্লাস ও অনার ফ্ল্যাগশিপে এ সুবিধা দেয়া হবে।
ডিজিটাল আসক্তি কমাবে পজ পয়েন্ট
যেসব অ্যাপে ব্যবহারকারীরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অপচয় করছে, সেসব অ্যাপকে ‘ডিসট্র্যাক্টিং’ হিসেবে মার্কিং করার ফিচার যোগ করা হচ্ছে। সেসব অ্যাপ ওপেন করতে গেলে ৫ থেকে ৩০ মিনিট শ্বাসের ব্যায়াম করাবে অ্যানড্রয়েড ডিভাইস, এরপর অ্যাপ চালু করার আগে আরো একবার অনুরোধ করবে অন্য কিছু করার। এতে করে ডিজিটাল আসক্তি অনেকটাই কমবে বলে আশা করছে গুগল।