শক্তিশালী এবং ব্যাটারি সাশ্রয়ী ল্যাপটপের জন্য এনভিডিয়া তৈরি করেছে নতুন এক প্রসেসর ‘আরটিএক্স স্পার্ক’। তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স ইভেন্টের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এটি উন্মোচন করেন। গতানুগতিক প্রসেসরের মতো নয় আরটিএক্স স্পার্ক। এমনকি আরটিএক্স স্পার্কের সিপিইউ বা জিপিইউ পারফরম্যান্স আলোচনায় এনভিডিয়া তেমন গুরুত্বও দেয়নি। এই প্রসেসরের মূল বিশেষত্ব এআই পারফরম্যান্স। হালকা-পাতলা গড়নের ল্যাপটপে এআই চালানোর জন্য এটি ডিজাইন করা হয়েছে বলে দাবি করেছেন জেনসেন হুয়াং। আরটিএক্স স্পার্কের এআই পারফরম্যান্স কাজে লাগাতে বেশ কিছু নতুন ফিচার তৈরি করছে মাইক্রোসফট। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, ‘ব্যক্তিগত কম্পিউটারের সংজ্ঞা এবার বদলে যাবে।’
উইন্ডোজ ল্যাপটপের দুর্দিন
উন্মোচনের পরপরই আরটিএক্স স্পার্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযুক্তি অনুরাগীদের অনেক পোস্ট ও আলোচনা দেখা গেছে। এর নেপথ্য রয়েছে উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীদের নানাবিধ অনুযোগ-অভিযোগ। ছয় বছর ধরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কোনো ল্যাপটপই অ্যাপল ম্যাকবুকের সঙ্গে পারফরম্যান্স ও ব্যাটারি লাইফে পেরে উঠছে না। ২০২০ সাল থেকে নিজস্ব এম সিরিজের প্রসেসর ব্যবহার শুরুর পর থেকে ম্যাকবুক একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ইন্টেল বা এএমডি-এর প্রসেসরচালিত কিছু ল্যাপটপ পারফরম্যান্সে ম্যাকবুককে পেছনে ফেলতে পারলেও ব্যাটারি লাইফে পিছিয়ে রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরচালিত ল্যাপটপগুলো ব্যাটারি লাইফে এগিয়ে থাকলেও পারফরম্যান্স এবং সফটওয়্যার কম্প্যাটিবিলিটিতে ম্যাকবুকের তুলনায় পিছিয়ে। এ সমস্যাগুলোর সমাধান করতে পারে আরটিএক্স স্পার্ক। ম্যাকবুকের সমকক্ষ পারফরম্যান্স ও ব্যাটারি লাইফের পাশাপাশি উইন্ডোজ ব্যবহারের সুবিধাযুক্ত ল্যাপটপ বাজারে এলে হয়তো অবশেষে ম্যাকবুকের আধিপত্য কমবে।
কী আছে এতে
আরটিএক্স স্পার্কের সঙ্গে অ্যাপল এম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স সিরিজের প্রসেসরগুলোর মিল আছে। এতে থাকছে মোট ২০টি সিপিইউ কোর, যার আর্কিটেকচার আর্ম৬৪। সিপিইউ কোরগুলোর ডিজাইন করেছে মিডিয়াটেক। মোট ২০টি সিপিইউ কোরের মধ্যে ১০টি কোর থাকছে শক্তিশালী কর্টেক্স এক্স৯২৫ মডেলের। বাকি ১০টি কোরের মডেল ব্যাটারি সাশ্রয়ী কর্টেক্স এ৭২৫। জিপিইউ থাকছে এনভিডিয়া ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের। এতে দেওয়া হয়েছে মোট ৬১৪৪টি কুডা (জিপিইউ) কোর। পঞ্চম প্রজন্মের টেন্সর এআই নিউরাল প্রসেসিং কোরও দেওয়া হয়েছে। সিপিইউ, জিপিইউ এবং নিউরাল প্রসেসরের জন্য থাকছে সম্মিলিত ১২৮ জিবি পর্যন্ত মেমরি (র্যাম)। সিপিইউ ক্যাশ মেমরি থাকছে ৩২ এমবি। সিপিইউ পারফরম্যান্সের ‘ক্ল্যাং’ পরীক্ষায় এটি পেয়েছে ৪৩,১৪৯ পয়েন্ট, যা অ্যাপল এম৫ প্রসেসরের তুলনায় ৫৪ শতাংশ বেশি। তবে এম৫ প্রো প্রসেসরের তুলনায় এখনো প্রায় ১২ শতাংশ পিছিয়ে আরটিএক্স স্পার্কের সিপিইউ।
আরটিএক্স স্পার্কের গেমিং পারফরম্যান্স অনেকটা আরটিএক্স ৫০৭০ জিপিইউ-এর ল্যাপটপ সংস্করণের মতো। অ্যালেন ওয়েক ২ বা প্র্যাগমাটার মতো গেমে ১০০ এফপিএস পারফরম্যান্স সহজেই পাওয়া সম্ভব। ডিএলএসএস ৪.৫ প্রযুক্তি থাকায় আগামীর ট্রিপল-এ ঘরানার গেমগুলোও এতে সহজেই চলবে। গেম খেলার সময়ও ব্যাটারির ওপর মাত্রাতিরিক্ত চাপ ফেলে না এই চিপ।
এডোবি এর মধ্যেই প্রিমিয়ার প্রো ভিডিও এডিটরের আরটিএক্স স্পার্কের জন্য বিশেষায়িত সংস্করণ প্রকাশ করেছে। ভবিষ্যতে অন্যান্য জনপ্রিয় সব প্রফেশনাল সফটওয়্যারের আরটিএক্স স্পার্ক অপটিমাইজড সংস্করণ বাজারে আসবে, জানিয়েছে মাইক্রোসফট।
মূল ফিচার এআই
আরটিএক্স স্পার্কের এআই পারফরম্যান্স কাজে লাগাতে উইন্ডোজের মধ্যে এআই এজেন্ট যুক্ত করছে মাইক্রোসফট। এনভিডিয়া ও মাইক্রোসফটের দাবি, ভবিষ্যতে ব্যবহারকারীরা আর সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে কাজ করবে না। ব্যবহারকারীদের দায়িত্ব হবে শুধু পিসি অন করে এর মধ্যকার এআই এজেন্টকে কাজ বুঝিয়ে দেওয়া, বাকি কাজ এজেন্ট করে দেবে। এটিকেই সত্য নাদেলা বলছেন ‘পিসির নতুন সংজ্ঞা’।
প্রসেসরটির এআই পারফরম্যান্স ১ পেটাফ্লপ ফ্লোটিং পয়েন্ট ৪ (এফপি৪)। ১২০ বিলিয়ন প্যারামিটার লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) চালাতে সক্ষম এটি। এর অর্থ, স্পার্ক চিপযুক্ত ল্যাপটপে চলমান এআইগুলো একেকটি কাজে এক মিলিয়ন পর্যন্ত টোকেন ব্যবহার করতে পারবে। ১০ লাখ টোকেন ব্যবহার করে পূর্ণাঙ্গ সফটওয়্যারের কোডবেস, বড় লাইব্রেরির পুরো বই সংগ্রহ বা কয়েক ঘণ্টার অডিও ফাইল একবারে বিশ্লেষণ করা যায়। এত দিন এরূপ ভারী কাজের জন্য ক্লাউডভিত্তিক এআইসেবা অথবা নিজস্ব শক্তিশালী এআই সার্ভার ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। নিজস্ব ডিভাইসে শক্তিশালী লোকাল এআইসেবা চালানোর মাধ্যমে মাইক্রোসফটের ‘এআই পিসি’ স্বপ্ন অবশেষে বাস্তব হতে যাচ্ছে।
সঙ্গে আছে বড় ল্যাপটপ নির্মাতা
ডেল, আসুস, এইচপি, লেনোভোর মতো বড় বড় সব প্রযুক্তি নির্মাতারা আরটিএক্স স্পার্ক প্রসেসরযুক্ত ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটও ‘সারফেস আলট্রা’ ল্যাপটপে এই চিপ ব্যবহার করবে। অবশ্য সব মডেলে ১২৮ জিবি ইউনিফায়েড মেমরি (র্যাম) দেওয়া হবে না। প্রতিটি স্পার্ক ল্যাপটপ হবে হালকা-পাতলা গড়নের, ব্যাটারি লাইফ হবে অন্তত ১২ ঘণ্টা। তবে দাম নিয়ে এখনো কিছু জানা যায়নি। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, র্যামের বর্তমান বাজারমূল্য অনুযায়ী স্পার্ক চিপযুক্ত ল্যাপটপগুলোর মূল্য অন্তত দুই হাজার ৯০০ ডলার [সাড়ে তিন লাখ টাকা]। কম র্যামযুক্ত মডেলগুলোর দাম কিছুটা কম হতে পারে।

এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপ
বাদ পড়েনি ডেস্কটপ
কম্পিউটেক্স অনুষ্ঠানে আরটিএক্স স্পার্ক চিপযুক্ত ডেস্কটপও উন্মোচন করেছে এনভিডিয়া। এর নাম ‘ডিজিএক্স স্পার্ক’। মাত্র ৬ ইঞ্চি আকৃতির ডেস্কটপটির মূল ফিচার এআই এজেন্ট চালনা। চাইলে একাধিক ডিজিএক্স স্পার্ক ডেস্কটপ একত্রিত করে এআই ক্লাস্টারও তৈরি করা যাবে। বলা যায় ম্যাক মিনির শক্ত প্রতিদন্দী হতে যাচ্ছে ডিজিএক্স স্পার্ক।
উইন্ডোজের নতুন ফিচার
স্পার্ক ল্যাপটপ ও ডেস্কটপে চলবে উইন্ডোজ ১১ এর বিশেষায়িত সংস্করণ। এর মধ্যে বিল্ট-ইন থাকবে জনপ্রিয় ‘ওপেনক্ল’ এআই এজেন্ট, যা মাইক্রোসফট ‘স্কাউট’ ড্যাশবোর্ড সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা যাবে। ওপেনক্ল-এর পাশাপাশি মাইক্রোসফটের নিজস্ব এআই মডেলও এতে চলবে। সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করতে মাইক্রোসফট ‘অটোপাইলট’ এআই এজেন্টও এতে দেওয়া হবে। ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজগুলো বুঝিয়ে দিলে প্রতিদিন নির্দিষ্ট সময় নিজ থেকেই সেসব করে রাখবে অটোপাইলট।
কবে পাওয়া যাবে
এ বছরের তৃতীয় প্রান্তিকে আরটিএক্স স্পার্ক প্রসেসরযুক্ত ডিভাইস বাজারে আসবে। চলমান র্যাম সংকটের প্রভাবে সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে, সে ক্ষেত্রে আগামী বছরের আগে বাজারে পুরোদমে বিক্রি শুরু হবে না।