বাংলাদেশের আধুনিক শিল্পের ইতিহাসে নভেরা আহমেদের নাম উচ্চারিত হয় প্রায়ই একটি প্রতিষ্ঠাতা চরিত্র হিসেবে। কিন্তু তাঁকে ঘিরে আলোচনার বড় অংশ জুড়ে থাকে তাঁর জীবন, দেশত্যাগ, স্বীকৃতি কিংবা ব্যক্তিগত ইতিহাস। ফলে অনেক সময় শিল্পীর কাজের তুলনায় শিল্পীর জীবনই বেশি দৃশ্যমান হয়ে ওঠে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত ‘নভেরা.নভেরা’ প্রদর্শনী এই পরিচিত বয়ানকে ধারণ করলেও একই সঙ্গে তাঁর শিল্পভাষাকে নতুনভাবে দেখার একটি গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে।
প্রদর্শনীটি শুধু ভাস্কর্যের প্রদর্শনী নয়; বরং নভেরা আহমেদের শিল্পচর্চার একটি আর্কাইভভিত্তিক পুনর্নির্মাণ। ভাস্কর্য, চিত্রকর্ম, আলোকচিত্র, জীবনপঞ্জি, ব্যক্তিগত নথি এবং প্রামাণ্যচিত্র—সব মিলিয়ে শিল্পীর দীর্ঘ শিল্পযাত্রাকে একটি ধারাবাহিক বয়ানে উপস্থাপন করা হয়েছে। গ্যালারির বিন্যাসও সেই বয়ানকে অনুসরণ করে। কোথাও অপ্রয়োজনীয় ভিড় নেই; বরং একটি স্বাভাবিক প্রবাহ দর্শককে শিল্পীর বিভিন্ন সময়ের কাজের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়।
প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য দিক সম্ভবত নভেরা আহমেদের কম আলোচিত চিত্রকর্মগুলোর উপস্থিতি। দীর্ঘদিন ধরে তাঁকে প্রধানত একজন ভাস্কর হিসেবেই দেখা হয়েছে। অথচ এই প্রদর্শনী দেখায়, তাঁর চিত্রভাষাও সমান মনোযোগ দাবি করে। বিশেষ করে ‘উষা’ চিত্রকর্মটি শিল্পীর আরেকটি সংবেদনশীল সত্তার পরিচয় দেয়। সূর্যালোকের দিকে মুখ তুলে থাকা নগ্ন নারীদেহ এখানে কোনো যৌনায়িত উপস্থাপনা নয়; বরং প্রকৃতি, আলো ও মানবদেহের এক স্বতঃস্ফূর্ত সহাবস্থান। ভাস্কর্যে যে সংহত, ভারী ও ঘনীভূত ফিগার দেখা যায়, তার তুলনায় এই চিত্রকর্মে মানবদেহ অনেক বেশি উন্মুক্ত, তরল ও নিঃশব্দ। নভেরার শিল্পভাষার এই ভিন্ন মাত্রা তাঁর কাজকে নতুনভাবে পড়ার সুযোগ করে দেয়।
ভাস্কর্যগুলোর দিকে তাকালে একটি পুনরাবৃত্ত ফিগারেটিভ ভাষা স্পষ্ট হয়। মানবদেহ এখানে বাস্তবতার অনুকরণ নয়; বরং সরলীকরণ, সংহতি ও সম্পর্কের বিমূর্ত রূপ। ‘মা ও দুই শিশু’র মতো কাজে পৃথক দেহের চেয়ে সম্পর্কের গঠনই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একই সঙ্গে ব্রোঞ্জের ভাস্কর্যগুলোর পৃষ্ঠে তৈরি হওয়া পেঁচানো টেক্সচার একটি বিশেষ ভিজ্যুয়াল ছন্দ নির্মাণ করে। সেই গঠন বাংলার বাঁশ-বেতের কারুশিল্পের বোনা কাঠামোর স্মৃতি জাগায়। এটি কোনো ঐতিহাসিক প্রভাবের দাবি নয়; বরং শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে তৈরি হওয়া একটি ভিজ্যুয়াল অনুষঙ্গ, যা নভেরার ভাস্কর্যকে স্থানীয় নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতার সঙ্গেও যুক্ত করে পড়ার সুযোগ দেয়।
কিউরেশনের দিক থেকে প্রদর্শনীটি সুপরিকল্পিত হলেও কিছু প্রশ্ন থেকেই যায়। ‘কম্পোজিশন’ শিরোনামে প্রদর্শিত কয়েকটি কাজের ক্ষেত্রে শিল্পীর মূল শিরোনাম অনুপস্থিত। এগুলো শিল্পীর দেওয়া নাম, নাকি পরবর্তী আর্কাইভিংয়ের অংশ, সে বিষয়ে কোনো ব্যাখ্যা না থাকায় দর্শকের কৌতূহল অপূর্ণ থেকে যায়। একই সঙ্গে শিল্পীর নিজের বক্তব্য বা কাজের সংক্ষিপ্ত প্রেক্ষাপট যুক্ত থাকলে প্রদর্শনীটি গবেষক ও সাধারণ দর্শক—উভয়ের জন্যই আরো সমৃদ্ধ হতে পারত।
সব মিলিয়ে ‘নভেরা.নভেরা’ প্রদর্শনী নভেরা আহমেদকে নিয়ে প্রচলিত ধারণাকে পুনর্বিবেচনার একটি সুযোগ করে দেয়। বিশেষত তাঁর কম পরিচিত চিত্রকর্মগুলোর উপস্থিতি মনে করিয়ে দেয় যে নভেরাকে শুধু বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের অগ্রদূত হিসেবে নয়, একজন বহুমাধ্যমে কাজ করা শিল্পী হিসেবেও নতুন করে পড়া প্রয়োজন। এই প্রদর্শনীর সবচেয়ে বড় সাফল্য সম্ভবত এখানেই, এটি নভেরার জীবনকে স্মরণ করার পাশাপাশি তাঁর শিল্পকে আবারও দেখার প্রয়োজনীয়তা অনুভব করায়।










