পেলে [২০২১]
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম! ব্রাজিলিয়ান এই কিংবদন্তি মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জিতে বিশ্বকে চমকে দিয়েছিলেন। পরে আরো দুটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েন। তাঁকে নিয়ে বেশ কয়েকটি তথ্যচিত্র আছে। নেটফ্লিক্সের জন্য তৈরি আমেরিকান তথ্যচিত্রটি বেশ আলাদা। মাঠে পেলের জাদুকরী সব মুহূর্তের সঙ্গে উঠে এসেছে তৎকালীন ব্রাজিলের সামরিক শাসন এবং ব্রাজিলের মানুষের কাছে তাঁর গুরুত্ব।
ডিয়েগো ম্যারাডোনা [২০১৯]
ফুটবলবিশ্বের সবচেয়ে প্রিয় এবং একই সঙ্গে বিতর্কিত চরিত্র ডিয়েগো ম্যারাডোনা। প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তির জীবন নাটকীয়তায় ভরপুর। ব্রিটিশ এই তথ্যচিত্রে এসেছে সবই। ম্যারাডোনাকে বুঝতে চাইলে এটি অবশ্যই দেখা উচিত।
মেসি [২০১৪]
এই তথ্যচিত্র যখন নির্মিত হয় তখনো বিশ্বকাপ হাতে ওঠেনি লিওনেল মেসির। বিশ্বকাপ জেতার পর তাঁকে নিয়ে বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। তবে স্প্যানিশ এই তথ্যচিত্র একটু অন্য রকম। ছোটবেলায় শারীরিক বৃদ্ধিসংক্রান্ত সমস্যায় ভোগা এক লাজুক ছেলের বিশ্বের সেরা ফুটবলার হয়ে ওঠার গল্প এখানে উঠে এসেছে।
রোনালদো [২০১৫]
পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর জীবনের অন্দরমহল দেখতে পাবেন ব্রিটিশ এই তথ্যচিত্রে। কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি একজন মানুষকে কিভাবে বিশ্বসেরা তারকায় পরিণত করতে পারে, তাই উঠে এসেছে এই চলচ্চিত্রে।
জিদান : আ টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি পোর্ট্রেট [২০০৬]
আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি কিংবদন্তি ফুটবলারকে নিয়ে অন্য রকম একটি তথ্যচিত্র। একটি ম্যাচ চলাকালে পুরো সময়ে শুধু জিনেদিন জিদানকে অনুসরণ করেছে ক্যামেরা। তাঁর দৃষ্টি, হাঁটা, পাস দেওয়া, চিন্তা—সবকিছু কাছ থেকে দেখানো হয়েছে। ফুটবলের শিল্পরূপ বুঝতে চাইলে ফরাসি তথ্যচিত্রটি দারুণ কাজে দেবে।
গারিঞ্চা : জয় অব দ্য পিপল [১৯৬২]
ব্রাজিলিয়ান কিংবদন্তি গারিঞ্চাকে বলা হয় সর্বকালের সেরা ড্রিবলার। সাধারণ মানুষ থেকে জাতীয় নায়ক হয়ে ওঠা এই ফুটবলারের গল্প যেমন অনুপ্রেরণার, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিও হৃদয়বিদারক। ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যচিত্র এটি।
দ্য টু এসকোবারস [২০১০]
এটি শুধু ফুটবল নয়, অপরাধ ও রাজনীতির গল্পও। কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস এসকোবার এবং মাদকসম্রাট পাবরো এসকোবারের জীবনকে একসঙ্গে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করার পর আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ড ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনার একটি। আছে সেই গল্পও।
বিকামিং জ্লাতান [২০১৫]
তারকা ফুটবলার হওয়ার আগে জ্লাতান ইব্রাহামোভিচ কেমন ছিলেন? অভিবাসী পরিবারের দুষ্ট, বিদ্রোহী এক কিশোর কিভাবে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠলেন? সবটা নিয়ে এই তথ্যচিত্র।
দ্য ডে ব্রাজিল ওয়াজ হিয়ার [২০০৫]
২০০২ কাপজয়ী ব্রাজিল দলের হাইতি সফরকে কেন্দ্র করে নির্মিত এই তথ্যচিত্রে দেখানো হয়েছে কিভাবে একটি সংকটাপন্ন দেশের মানুষের মধ্যে আশা ও আনন্দ ছড়িয়ে দিতে পারে ফুটবল। এটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও অংশ নেয়।

লিওনেল মেসি—এক লাজুক কিশোর থেকে বিশ্বসেরা ফুটবলার

কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস এসকোবার—ফুটবল ইতিহাসের মর্মান্তিক ঘটনার বলি




