নারায়ণগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে কালেমা লেখা পতাকা যুক্ত করে বিকৃত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ধর্মীয় রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বুধবার (১ জুলাই ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ফুটওভার ব্রিজ এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সড়কবাতির বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে জাতীয় পতাকার সঙ্গে সাদা জমিনে কালো কালিতে লেখা কালেমা সংযুক্ত করে কয়েকটি পতাকা টাঙানো দেখা যায়।
এ বিষয়ে ফুটওভার ব্রিজের হকার শাহআলম বলেন, কে বা কারা পতাকাগুলো টাঙিয়েছে, তারা দেখেননি। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে লোকজন কম থাকার সময় এগুলো লাগানো হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, দেশের বিভিন্ন জায়গার মতো নারায়ণগঞ্জেও কালেমা লেখা পতাকা উড়তে দেখা যাচ্ছে। তবে এগুলো কারা লাগাচ্ছেন, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
তিনি বলেন, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দেশের পতাকা উড়ানোর প্রেক্ষাপটে ধর্মীয় অনুভূতি থেকে কেউ কালেমার পতাকা উড়াতে পারেন। কিন্তু জাতীয় পতাকা বিকৃত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় পতাকার সম্মান রক্ষা করা সবার দায়িত্ব এবং এ ধরনের কাজ তারা সমর্থন করেন না।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আব্দুর জব্বার বলেন, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা ওড়ানোর পাশাপাশি কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে কালেমার পতাকা উড়াচ্ছেন বলে তিনি জেনেছেন। তবে জাতীয় পতাকার সঙ্গে কালেমার পতাকা যুক্ত করা সাংঘর্ষিক এবং এতে উভয় পতাকারই মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং প্রশাসনের তদন্তের দাবি জানান।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী জানান, সাদা-কালো কালেমার পতাকা দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও টাঙানো হয়েছে। যারা এগুলো টাঙাচ্ছেন, তাদের বক্তব্য অনুযায়ী ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা ওড়ানোর প্রেক্ষাপটে মুসলিম পরিচয়ের প্রতীক হিসেবে এসব পতাকা ব্যবহার করা হচ্ছে। তবে জাতীয় পতাকার সঙ্গে কালেমা লেখা পতাকা যুক্ত করে টাঙানোর বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।