২৬ জুন ঢাকার মঞ্চে গাওয়ার কথা ছিল ভারতের জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের। প্রশাসনিক জটিলতায় স্থগিত হয় সেই কনসার্ট। অবশেষে কনসার্টটির নতুন তারিখ ঘোষণা করে আয়োজকরা—১ আগস্ট। এই কনসার্টে অনুপম রায় ছাড়াও গাইবে বাংলাদেশের কালজয়ী ব্যান্ড ‘মাইলস’। যদিও আগের তারিখে অনুপমের সঙ্গী হওয়ার কথা ছিল ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’র। নতুন শিডিউলে তারা সমন্বয় করতে পারেনি। তাই ‘বেঙ্গল সিম্ফনি’র বদলে আয়োজকরা যুক্ত করেছে ‘মাইলস’কে। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটির আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়েছে তাঁরা। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে কনসার্টটি। টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।