• ই-পেপার

চলচ্চিত্র

ধ্যাততেরিকি

গানে বিশ্বকাপ বরণ

ফুটবল বিশ্বকাপ উদযাপনে বরাবরই থাকে সংগীতের অনন্য ভূমিকা। ক্রীড়া ও সংগীতের এমন মেলবন্ধনের অপেক্ষায় থাকে পুরো বিশ্ব। এবার আয়োজক তিন দেশে [মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র] তিন তিনবার গানে গানে উদ্বোধন হয়েছে বিশ্বকাপ। তিন আয়োজনের খবর জানাচ্ছেন এস এম তাহমিদ

গানে বিশ্বকাপ বরণ
বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয়

১১ জুন বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয় ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। ২৫ মিনিটের আয়োজনে অংশ নিয়েছেন বেলিন্ডা, ড্যানি ওশান, লাইলা ডাউনস, জে ব্যালভিন, রায়ান ক্যাস্ট্রো ও পপ রক ব্যান্ড মানা। সবার শেষে মঞ্চে ওঠেন শাকিরা। বার্না বয়ের সঙ্গে এবারের থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন কলম্বিয়ান কিংবদন্তি গায়িকা। তাঁদের গান ও দৃষ্টিনন্দন কোরিওগ্রাফিতে মুহূর্তেই বুঁদ পুরো বিশ্ব। এই পরিবেশনার মাধ্যমে ফিফা বিশ্বকাপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন শাকিরা। এরপর শুরু হয়ই স্বাগতিক দেশ মেক্সিকো এবং সাউথ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ফুটবল ম্যাচ।

ফিফা বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের বড় একটা অনুষঙ্গ গান। আর বিশ্বকাপের গান মানেই যেন শাকিরা। এবারের আয়োজনের থিম সং ‍‘দাই দাই‍’, ১৫ মে গানটি প্রথম অবমুক্ত করা হয়। শাকিরার সঙ্গে গেয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। এর আগেও তিনটি বিশ্বকাপের জন্য গেয়েছেন শাকিরা—২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এতটাই জনপ্রিয়, শাকিরার সংগীত ক্যারিয়ারের অন্যতম সেরা গান এটি। তার আগের আসরের [২০০৬ বিশ্বকাপ] সমাপনী অনুষ্ঠানে গেয়েছিলেন ‘হিপস ডোন্ট লাই’। এই গান দিয়েই ফিফার সঙ্গে জড়িয়ে যান শাকিরা। ২০১৪ বিশ্বকাপ ফুটবল উপলক্ষেও গেয়েছিলেন ‘লা লা লা’।

পরদিন অর্থাৎ গতকাল [১২ জুন] অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবলের কানাডা অংশের উদ্বোধনী। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে। এতে অংশ নেন একজন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় দেব। ফিফা ওয়ার্ল্ডকাপ অ্যালবামের গান ‘সির সির’ গেয়েছেন সঞ্জয়। তাঁর সঙ্গে গেয়েছেন  ফরাসি র‌্যাপার ভেজেড্রিম ও মরোক্কান বংশোদ্ভূত কানাডীয় সংগীত ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নোরা ফাতেহিকে বাংলাদেশের মানুষ বেশি চেনেন বলিউড অভিনেত্রী হিসেবে। গতকাল মঞ্চে গানটি সরাসরি পরিবেশন করেন সঞ্জয় দেব, ভেজেড্রিম ও নোরা ফাতেহি। এদিন মঞ্চে আরো গান করেন কানাডিয়ান রক তারকা অ্যালানিস মরিসেট, পপ তারকা মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, এলাইনা, জেসি রেইয়েজ, উইলিয়াম প্রিন্স প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় স্বাগতিক কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনার ফুটবল ম্যাচ।

বাংলদেশ সময় আজ [১৩ জুন] ভোর ৫টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশের উদ্বোধনী। এতে অংশ নেন পপ তারকা কেটি পেরি, র‌্যাপার ফিউচার, থাই-আমেরিকান র‌্যাপার লিসা, আনিটা, রেমা ও টাইলা। অনুষ্ঠান শেষে শুরু হয় প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রের ম্যাচ।

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে সব সময়ই স্বাগতিক দেশের সংগীতশিল্পীদের পাশাপাশি পারফর্ম করেন বিভিন্ন দেশের শিল্পীরা। এবারের শিল্পী তালিকা প্রকাশের সময় ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফুটবলের সর্বজনীন জনপ্রিয়তা উদযাপনে বিভিন্ন জাতিসত্তার শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার জন্য।’

 

গানে বিশ্বকাপ বরণ

বিশ্বকাপ কাউন্টডাউন কনসার্টে নোরা ফাতেহি। পরেছেন মরক্কোর পতাকার রঙে পোশাক।

 

গানে বিশ্বকাপ বরণ

‘এখনো স্বপ্নের ঘোরে আছি’

গতকাল বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী মঞ্চে ওঠার আগে নিজের অনুভূতি জানিয়েছেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

সঞ্জয়ের জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বড় হয়েছেন চট্টগ্রামে। বয়স ৩৫ হওয়ার এখনো বাকি কয়েক মাস। তরুণ এই শিল্পী ফিফা বিশ্বকাপের আসরে অংশ নিয়ে অভিভূত। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুভূতি জানিয়ে গতকাল বিকেলে সঞ্জয় বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না, বিশ্বকাপের মতো এত বড় আসরের অ্যালবামের অংশ হতে পেরেছি। এত বড় আসরে সরাসরি পারফর্ম করব, মনে হচ্ছে এখনো স্বপ্নের মধ্যে আছি, কোনো কিছুই বাস্তব মনে হচ্ছে না।’ ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে সংগীতচর্চার সময় সঞ্জয় স্বপ্ন দেখতেন, একদিন বিশ্ব দরবারে তাঁর গান পৌঁছে যাবে। ফিফা বিশ্বকাপের মতো ব্যাপক আয়োজনের অংশ হবেন সেটি ভাবেননি। ফেসবুকে এক পোস্টে  তিনি লিখেছেন, ‘এ অর্জন শুধু আমার একার নয়; বরং স্বপ্নবাজ সকল তরুণের জন্য অনুপ্রেরণা; যাদের স্বপ্ন অনেক বড়।’ অনুষ্ঠানে পারফর্ম করার আগের দিনগুলোও ব্যস্ততায় পার করেছেন সঞ্জয়। মাসখানেক আগে মরোক্কোয় শুটিং করেন ‘সির সির’ গানটির মিউজিক ভিডিওর। ফিফার আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ৮ জুন, এরপর শুক্রবার বিকেল পর্যন্ত এর ভিউ ছিল ৪ কোটি ১০ লাখেরও বেশি। গানটি বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। বাংলাদেশি সংগীত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয়। প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ, তাহসান ও জেফার রহমানের গান। ২০২৪-এ প্রকাশিত হয় হাবিব, সঞ্জয় ও মুজা ত্রয়ীর গান ‘একলা দুনিয়া’।

 

গানে বিশ্বকাপ বরণ

যুক্তরাষ্ট্র পর্বে গেয়েছেন কেটি পেরি

অন্তর্জাল

ভূত বাংলা

ভূত বাংলা
‘ভূত বাংলা’ ছবির দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে প্রিয়দর্শনের ভৌতিক-কমেডি ছবিটি। এক ভৌতিক বিয়েবাড়ি নিয়ে গল্প। লন্ডনপ্রবাসী অলস যুবক অর্জুন তার বোনের ডেস্টিনেশন ওয়েডিং আয়োজন করতে ভারতের পৈতৃক প্রাসাদে ফিরে আসে। স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে অর্জুন বাড়িটিতে বিয়ের আনুষ্ঠানিকতা চালিয়ে যায়। শিগগিরই বিবাহ উৎসব ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। ঠিক তখনই অর্জুন তার পরিবারের এক অন্ধকার গোপন অতীত রহস্যের সন্ধান পায়। অভিনয়ে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, যীশু সেনগুপ্ত, টাবু, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব প্রমুখ।

 

টিভি হাইলাইটস

দ্য পাথ টু ওয়ার

দ্য পাথ টু ওয়ার

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইসরায়েল ও ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ রূপ নেয় প্রকাশ্য সংঘাতে। এত উত্তেজনা ও সংঘর্ষের পরও ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। এ নিয়ে আল জাজিরার ‘ইরান, ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব : দ্য পাথ টু ওয়ার’, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

গ্রামের নাম সুন্দরপুর

গ্রামের নাম সুন্দরপুর
‘গ্রামের নাম সুন্দরপুর’ ধারাবাহিক নাটকের দৃশ্য

আজ থেকে বৈশাখী টিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’। শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে এটি। গল্প শাহাদাৎ হোসেন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, সাগরিকা প্রমুখ।