টেকনাফের পাহাড়ঘেঁষা বাহারছড়া এলাকায় অপহরণ, মুক্তিপণ, মাদক ও মানবপাচার দমনে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর পাহাড়ে পরিচালিত অভিযানের আদলে বিশেষ যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অপহরণপ্রবণ এলাকায় পুলিশ চৌকি স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান জোরদার এবং রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার টেকনাফে জেলা ও উপজেলার শীর্ষ প্রশাসন, পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজেদুর রহমান, বিজিবি রামু সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহিদ্দীন আহমদ, ১৫ এপিবিএনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান প্রমুখ।
ফরম ফিলাপের টাকা আত্মসাৎ, আটক ১
বাহারছড়া অপহরণ স্পটে হবে পুলিশ চৌকি

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন, আটক ১

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি জানালেন, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সহসভাপতি রনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মামলা দায়ের করা হবে। জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১০০ জন শিক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে প্রশ্ন মিলিয়ে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা জানা যায়। সরকারি আশেক মাহমুদ কলেজ পরীক্ষা কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে জামালপুর জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের জন্য ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের পরিবর্তে ভুল করে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী তৈরি করা অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই প্রশ্নপত্র দিয়েই পুরো পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মেলাতে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।
চড়-থাপ্পড়ে ধর্ষণের বিচার

নান্দাইল উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা এবং চড়-থাপ্পড় মেরে মীমাংসা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি বাজারে এই সালিশ হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার কুরাটি গ্রামের মোদক বাড়ির নীরু মোদকের ছেলে লিটন মোদক এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তার পরিবার বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানায়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সালিশ বৈঠকের আয়োজন করা হয়। শত শত মানুষের উপস্থিতিতে অভিযুক্ত লিটন মোদককে হাতমোড়া দিয়ে বেঁধে সালিশে হাজির করা হয়। এক পর্যায়ে সালিশে উপস্থিত মাতব্বররা অপরাধের শাস্তি হিসেবে ধর্ষককে ৫০ হাজার টাকা জরিমানা এবং কয়েকটি চড়-থাপ্পড় মেরে ঘটনাটি মীমাংসা করে দেওয়ার রায় ঘোষণা করেন। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সেলিম খান রিপন,ি মন্টু খাঁ, হাবুল্লাহ ডাক্তার, আবুল কালাম আজাদ, রবি ও হাসেম উদ্দিন প্রমুখ।
এদিকে কুমিল্লা সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুন ভোররাতে উপজেলার বিজয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
