পাহাড়ি নেত্রী কল্পনা চাকমার অপহরণের বিচারসহ নারীদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি শাখা। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ শিশির চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রনুচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, উইমেন্স ফেডারেশন রাঙামাটি কমিটির সভাপতি কবিতা চাকমা প্রমুখ। বক্তারা বলেন, হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন কল্পনা চাকমা। তিনি জুম্ম নারীর অধিকার ও পার্বত্যাঞ্চলে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ১৯৯৬ সালের ১২ জুন রাতে, বাঘাইছড়ির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়।

