• ই-পেপার

বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু

টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামের মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্বশত্রুতার জেরে গ্রামবাসীর মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায়  মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

নারীর ওপর সহিংসতা বন্ধে মানববন্ধন

রাঙামাটি সংবাদদাতা
নারীর ওপর সহিংসতা বন্ধে মানববন্ধন

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমার অপহরণের বিচারসহ নারীদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি শাখা। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ শিশির চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রনুচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, উইমেন্স ফেডারেশন রাঙামাটি কমিটির সভাপতি কবিতা চাকমা প্রমুখ। বক্তারা বলেন, হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন কল্পনা চাকমা। তিনি জুম্ম নারীর অধিকার ও পার্বত্যাঞ্চলে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ১৯৯৬ সালের ১২ জুন রাতে, বাঘাইছড়ির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়।

 

 

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে বিষাক্ত সাপের কামড়ে মনির হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর এলাকার মুরগিতলা মাঠে এ ঘটনা ঘটে। মনির হোসেন কেশবপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত চয়ান আলীর ছেলে। জানা যায়, সকালে পাটক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা তাঁকে রাজশাহী মেডিক্যালে না নিয়ে লক্ষীপুর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে।

 

পদ্মায় ডুবে দু্ই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মায় ডুবে দু্ই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে জেসমিন ওরফে কারিমা (৮) ও  ইসরাত খাতুন ওরফে বুড়ি (৭) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে। জেসমিন চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাখর আলী টিকলির চর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং ইসরাত চাকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে। তারা সম্পর্কে ঘনিষ্ঠ আত্মীয়। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বাখর আলী ঘাটে গোসল করতে নামে তিন শিশু। এর মধ্যে সাঁতার না জানায় জেসমিন ও ইসরাত পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা অপর শিশু মাহিন বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী নদীতে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে জেসমিন ও ইসরাতের লাশ উদ্ধার করে।