• ই-পেপার

শিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামের মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্বশত্রুতার জেরে গ্রামবাসীর মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায়  মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

নারীর ওপর সহিংসতা বন্ধে মানববন্ধন

রাঙামাটি সংবাদদাতা
নারীর ওপর সহিংসতা বন্ধে মানববন্ধন

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমার অপহরণের বিচারসহ নারীদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি শাখা। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ শিশির চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রনুচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, উইমেন্স ফেডারেশন রাঙামাটি কমিটির সভাপতি কবিতা চাকমা প্রমুখ। বক্তারা বলেন, হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন কল্পনা চাকমা। তিনি জুম্ম নারীর অধিকার ও পার্বত্যাঞ্চলে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ১৯৯৬ সালের ১২ জুন রাতে, বাঘাইছড়ির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়।

 

 

বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু

বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধিতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার থেকে মাছ শিকার শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলের হাজারো ট্রলার বৃহস্পতিবার দিবাগত রাতে সমুদ্রে যাত্রা শুরু করে। যেসব জেলে অগভীরে গিয়ে মাছ শিকার করেছেন তাঁরা শুক্রবার সকালে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে বিক্রি করেছেন। তবে মাছের দাম চড়া রয়েছে। বড় আকারের ইলিশ দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছে। মাঝারি আকারের ইলিশ এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। আলীপুরের মৎস্য ব্যবসায়ী মো. আবুল কালাম বলেন, প্রথম দিনে মাছের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। আর কয়েক দিন পর মাছের সরবরাহ বাড়লে মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে। ট্রলার মালিক মো. আবু জাফর বলেন, বর্তমানে জেলে পেশা টিকে আছে নানা সংকটে। সরকার সহযোগিতা না করলে এই পেশা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞাকালীন ১৮ হাজার ৩০৫ জন নিবন্ধিত জেলেকে প্রায় ৭৭ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে বিষাক্ত সাপের কামড়ে মনির হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর এলাকার মুরগিতলা মাঠে এ ঘটনা ঘটে। মনির হোসেন কেশবপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত চয়ান আলীর ছেলে। জানা যায়, সকালে পাটক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা তাঁকে রাজশাহী মেডিক্যালে না নিয়ে লক্ষীপুর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে।