টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ গেটসংলগ্ন পাভেল মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থেকে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ।

