অযৌক্তিকভাবে চাকরিচ্যুতি এবং বৈষম্যের শিকার ১৬২ জন সেনা সদস্য এবার পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা। একই প্রক্রিয়ায় রয়েছেন আরো অন্তত ৫০০ জন। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈষম্যের শিকার এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনে ১৩ শতাধিক সৈনিক পর্যায়ের বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সেনা সদস্য চাকরি ফিরে পাওয়া অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও সুযোগ সুবিধার জন্য আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে গঠিত পর্ষদ কয়েক ধাপের যাচাই-বাছাই সম্পন্ন করে প্রায় ৮৫০টি আবেদনকে যৌক্তিক হিসেবে নির্ধারণ করে। সেখান থেকে পর্যালোচনা পর্ষদ বা কমিটি প্রথম ধাপে প্রায় ৩৫০ জনের আবেদন যাচাই করে প্রায় ১৬২ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি বা সুযোগ-সুবিধা দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করেছে।

