দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির মাধ্যমে মাঠ পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা যাচাই, স্থানীয় নেতাকর্মীদের সক্রিয়তা মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে ঘোষিত প্রার্থীদের জনপরিচিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, আগামী ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ শুরু হবে। কর্মসূচিটি ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় হবে।
সারজিস বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে জুলাইয়ের বার্তা দেশের সব জেলা-উপজেলার মানুষের কাছে ছড়িয়ে দিতে এবং প্রান্তিক মানুষের কথাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। তিনি বলেন, পদযাত্রার মূল প্রতিপাদ্যের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়—নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্রামাঞ্চলের বিদ্যুত্সংকট, কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে মানুষের মতামত সংগ্রহ করা হবে।
সারজিস জানান, ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে।

