• ই-পেপার

৯ ধরনের অপরাধের শিকার নারী ও শিশু

  • ১৮ মাসে ধর্ষণ-নির্যাতনে ৬০৩ শিশু নিহত
  • জুনে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

রণধীর জয়সওয়াল

বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজে আগ্রহী ভারত

কালের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজে আগ্রহী ভারত
রণধীর জয়সওয়াল

বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী ভারত। নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের মিশনগুলোতে নতুন দুজন কূটনীতিকের নিয়োগ নিয়ে ওঠা বিতর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। গতকাল শুক্রবার  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

তবে ওই দুই কর্মকর্তার অতীতের সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মকাণ্ড নিয়ে মন্তব্যে রাজি হয়নি দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের জানানো হয়েছে যে দুজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার

প্রত্যাশা করছি।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে প্রেস উইংয়ের কর্মকর্তা বা মুখপাত্র হিসেবে যে দুজন সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা অতীতে ভারতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কঠোর সমালোচনামূলক’ পোস্ট শেয়ার করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এই নিয়োগের বিষয়টি ‘কূটনৈতিক মহলে বিস্ময়’ সৃষ্টি করেছে। একটি সংবাদপত্র জানিয়েছে, নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর গত মঙ্গলবার ওই দুই সাংবাদিকের বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট মুছে ফেলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তিকে উদ্ধৃত করে একটি সংবাদপত্র লিখেছে, ‘বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্তগুলো অদ্ভুত। বিশেষ করে যখন দুই দেশ গত দুই বছরের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে, তখন এমন পছন্দ প্রশ্নবিদ্ধ।’

তবে রণধীর জয়সওয়াল এসব বিতর্ক নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সদিচ্ছার মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আসা একটি খবরের বিষয়েও প্রশ্ন করা হয়। সেখানে দাবি করা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘আমি এই বিষয়ে পরে আপনাদের বিস্তারিত জানাব।’

বরিশাল বিভাগে ১৫০ কিলোমিটারজুড়ে নদীভাঙন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে পদ্মার ভাঙন সুরমা, কুশিয়ারায় পানি বাড়লেও তিস্তায় কমেছে

কালের কণ্ঠ ডেস্ক
বরিশাল বিভাগে ১৫০ কিলোমিটারজুড়ে নদীভাঙন

টানা বৃষ্টি, অতিরিক্ত জোয়ার আর পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। নদীতীরবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে নদীভাঙন। এ ছাড়া সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর, মাছকাটা, মেঘনা, বিষখালীসহ বিভাগের বেশ কয়েকটি নদীর তীরবর্তী এলাকাগুলোতে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বিভাগের নদীর তীরবর্তী প্রায় ১৫০ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। সেখানে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে পাউবো। এ ছাড়া ১০২ কিলোমিটার বাঁধ রয়েছে ঝুঁকির মুখে। ১৪ হাজার ৯৩২ হেক্টর জমির ফসল এখনো পানিতে নিমজ্জিত।

কালাবদর, মাছকাটা ও মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে বরিশালের হিজলা উপজেলার থানারঘাট, লঞ্চঘাট, হরিনাথপুর, দুর্গাপুর ও গৌরবদী ইউনিয়ন। মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, চরগোপালপুর, আন্দারমানিক, দোরীর চর, খাজুরিয়াসহ বেশ কয়েকটি এলাকাও রয়েছে ঝুঁকির মুখে। কালাবদর ও মাছকাটা নদীর গত চার দিনের ভাঙনে মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ১,৩ ও ৯ নম্বর ওয়ার্ডের অর্ধশতাধিক বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ বিলীন হয়ে গেছে।

জাঙ্গালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন মির গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে এখন পর্যন্ত আমার বসতঘরসহ অন্তত ২০টি ঘর নদীর মধ্যে চলে গেছে।’

একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হারুন হাওলাদার জানান, তাঁর ঘরসহ অন্তত ৩০টি ঘর এবং একটি মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে।

আন্দারমানিক এলাকার গাজী মহিউদ্দিন বলেন, ‘দুটি ভাঙনের সম্মুখীন হওয়ার পর ফের পাকা ঘরবাড়ি ও ধানি জমি করি। গত সপ্তাহের ভাঙনে সবকিছুই চোখের সামনে তলিয়ে গেছে।’

শুধু মেঘনাই নয়, কীর্তনখোলা, কালাবদর, আড়িয়ালখাঁ, সন্ধ্যা, তেঁতুলিয়া, কারখানা ও সুগন্ধা নদ-নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বরিশালের বিস্তীর্ণ এলাকা। কীর্তনখোলা নদীর ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়ন। সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরও বর্ষা মৌসুমে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল বিভাগের (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘নদীভাঙন সব সময়ই থাকে। তবে বর্ষার মৌসুমে বেশি ভাঙে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা চিহ্নিত করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য কয়েকটি বড় প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’

 

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে পদ্মার ভাঙন

চাঁপাইনবাবগঞ্জে দুই সপ্তাহ ধরে বাড়ছে পদ্মা, মহানন্দা, পুনর্ভবা, পাগলাসহ বিভিন্ন নদ-নদীর পানি। এখনো বিপৎসীমার অনেক নিচে থাকলেও বৃদ্ধির হার বেশ দ্রুত। এর সঙ্গে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পদ্মা নদীর তীর ভাঙন।

শিবগঞ্জের দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, পদ্মাপারের খাকসাপাড়া, মনোহরপুর, দোভাগি ঘাইপাড়া এলাকায় ভাঙন তীব্র। খাকসাপাড়া থেকে আটটি পরিবার সরিয়ে নিতে হয়েছে। পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ৫ নম্বর ওয়ার্ড ক্রমাগত ভেঙে পদ্মায় প্রায় বিলীন হয়েছে। এখন ৮ নম্বর ওয়ার্ডে ভাঙন চলছে। গত চৈত্র মাস থেকে এসব এলাকার শতাধিক বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। সদরের নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, পদ্মাপারের ১, ৩, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পুরনো ভাঙন আবার শুরু হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, মৌসুমি এই বৃদ্ধি স্বাভাবিক। উজানে ভারতে বৃষ্টি ও ধেয়ে আসা পানির ঢল এর মূল কারণ। এর সঙ্গে যোগ হয়েছে দেশে মৌসুমি বৃষ্টিপাত।

ফারাক্কা বাঁধের অদূরে বাংলাদেশের পাংখা পয়েন্টে পদ্মার বিপৎসীমা ২২.০৫ মিটার। গতকাল সকালে ওই পয়েন্টে পানি ১৮.৪৯ মিটারে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টায় প্রবাহ ৯ সেন্টিমিটার বেড়েছে।

শহরঘেঁষা মহানন্দা নদীর বিপৎসীমা ২০.৫৫ মিটার, গতকাল এর পানি ১৭.০৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টায় প্রবাহ ১৭ সেন্টিমিটার বেড়েছে।

 

ফুঁসছে সিলেটের নদ-নদী

ভারতের আসামে বন্যা পরিস্থিতির কারণে ফের পাহাড়ি ঢল বেড়ে সিলেটের নদ-নদী ফুঁসে উঠতে শুরু করেছে।

পাউবোর প্রতিবেদনে দেখা গেছে, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি গতকাল সকাল ৬টায় বিপৎসীমার পয়েন্ট ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সন্ধ্যায় তা দুই পয়েন্ট কমেছে। অন্য কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি।

কানাইঘাটে সুরমা নদীর পানি সকাল ৬টায় বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যায় তা আরো ১৩ পয়েন্ট কমেছে। জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা সকাল ৬টায় বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল, যা সন্ধ্যায় আরো পয়েন্ট ৬ সেন্টিমিটার কমেছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘ভারতের আসামের বন্যার পানি নামছে। এ কারণে সুরমা ও কুশিয়ারায় পানি বেড়েছে। তবে আপাতত নতুন করে সিলেট কিংবা ভারতের আসাম, মেঘালয়ে ভারি বর্ষণের কোনো পূর্বাভাস নেই। তাই সিলেট অঞ্চলে আপাতত বন্যার আশঙ্কা নেই।’

 

আবার কমেছে তিস্তার পানি

লালমনিরহাটে বৃহস্পতিবার দিন শেষে তিস্তা নদীর পানি নতুন করে বৃদ্ধি পেলেও গতকাল সকাল থেকে আবারও কমেছে। গতকাল সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ (ডালিয়া) পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগের দিন একই সময়ে পানিপ্রবাহ ছিল বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই তথ্য জানায়।

এদিকে আগামী তিন দিন তিস্তার পানি হ্রাস পেতে পারে বলে গতকাল জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

যশোরে ছুরি-চাকু আতঙ্ক, ১৮ খুনের ৯টিই গলা কেটে

আকরামুজ্জামান, যশোর
যশোরে ছুরি-চাকু আতঙ্ক, ১৮ খুনের ৯টিই গলা কেটে

যশোরে অপরাধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। একসময় হত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে আগ্নেয়াস্ত্র ও বোমার ব্যবহার বেশি থাকলেও এখন সেই জায়গা দখল করেছে ছুরি, চাকু, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারি থেকে শুরু করে নারী হয়রানির মতো ঘটনাতেও বাড়ছে ধারালো অস্ত্রের ব্যবহার। একের পর এক গলা কেটে হত্যা, কুপিয়ে খুন, প্রকাশ্যে ছুরি ঠেকিয়ে ছিনতাই এবং সংঘবদ্ধ সন্ত্রাসের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ।

চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত যশোর জেলায় অন্তত ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৯টিতে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে গলা কেটে। বাকিগুলোতে কুপিয়ে, পিটিয়ে আর গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে—মাদক ব্যবসা, রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, অর্থনৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতাই এসব হত্যাকাণ্ডের প্রধান কারণ। তবে প্রায় সব ক্ষেত্রেই অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়েছে ধারালো অস্ত্র।

সর্বশেষ ২৩ জুলাই যশোর শহরের বারান্দিপাড়ায় একটি বসতবাড়িতে ঢুকে চাঁদা দাবি ও এক নারীকে যৌন নিপীড়নের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলার আসামি জিতু (৩৫) কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও নারীদের হয়রানির

চেষ্টা করে। বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলের তুলারামপুর এলাকায় তাঁর মৃত্যু হয়।

এর আগে ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলায় যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিক্ষোভ চলাকালে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

২৪ জুন সদর উপজেলার রঘুরামপুর গ্রামের বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড।

২১ জুন চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ের খাল থেকে বিএনপি কর্মী আতিয়ার রহমানের (৪২) মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও গলা কাটার আলামত পাওয়া যায়। পরিবারের দাবি, মৎস্যঘেরের লিজ ও বাঁওড়কেন্দ্রিক বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে।

৮ জুন সদর উপজেলার শেখহাটিতে বিয়ের ছয় মাসের মাথায় স্ত্রী সামিনা আক্তার শাম্মীকে গলা কেটে হত্যা করেন স্বামী সুজন। পুলিশ বলছে, মাদক সেবনের টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। একই দিন রাতে মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ২২ এপ্রিল শহরের বেজপাড়ায় শাশুড়ি সকিনা বেগমকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে লাশ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখে পুত্রবধূ।

শুধু হত্যাকাণ্ড নয়, যশোর শহরে ছুরি ঠেকিয়ে ছিনতাইও বেড়েছে উদ্বেগজনক হারে। প্রকাশ্যে একটি সংঘবদ্ধ চক্র নির্জন সড়ক, রিকশায় চলাচলকারী দম্পতি, তরুণ-তরুণী এবং নিঃসঙ্গ পথচারীদের টার্গেট করছে।

গত ৩ জুলাই ভোরে রেলগেট এলাকায় রাকিব নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ১৩ জুলাই উপশহর কলেজের সামনে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আশরাফুজ্জামান বাবুকে নির্জন এলাকায় নিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় দুই যুবক।

এর আগে ২ জুন শহরের মুজিব সড়কে কলেজশিক্ষার্থী সানি ও তাঁর বান্ধবীকে মোটরসাইকেলে এসে ঘিরে ধরে দুই যুবক। প্রথমে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। পরে চাকু দেখিয়ে টাকা, মোবাইল ফোন, ব্যাংক কার্ড ও পাসওয়ার্ড আদায়ের চেষ্টা করা হয়।

শহরের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিককর্মী, শিক্ষক ও সাধারণ পথচারীদের অনুসরণ করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। পাশাপাশি শহর ও শহরতলীতে ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে চুরি, এমনকি অব্যবহৃত এসির তামার পাইপ ও তার চুরির ঘটনাও বেড়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে অস্ত্র আইনের মামলার ঝুঁকি থাকে। তাই অপরাধীরা সহজলভ্য ছুরি-চাকুকেই বেশি ব্যবহার করছে। গত কয়েক বছরের অপরাধ বিশ্লেষণেও এ প্রবণতা স্পষ্ট।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, অপরাধীরা সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদলাচ্ছে। বর্তমানে অধিকাংশ অপরাধে ছুরি ও চাকুর ব্যবহার দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এগুলো অনলাইনে সহজেই পাওয়া যাচ্ছে। অধিকাংশ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে এবং অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

যশোর পৌর নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ঘাটতি রয়েছে কার্যকর পদক্ষেপের।

 

চালু হচ্ছে কুমিল্লা বিমানবন্দর

অচল রানওয়ে সচল রাজস্ব

জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
অচল রানওয়ে সচল রাজস্ব

প্রবাসী অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানায়ও ঠাসা। আছে বিমানবন্দরও। তবে ৩২ বছর ধরে এই বিমানবন্দরে ওড়েনি কোনো বিমান। যদিও সচল রয়েছে বন্দরের কার্যক্রম। এই বিমানবন্দর থেকে প্রতি মাসে সরকার আয় করছে মোটা অঙ্কের রাজস্ব। রানওয়ে কার্পেটিং, ফায়ার ব্রিগেড, এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করার জন্য টাওয়ারে বিএইচএফ সংযুক্ত করাসহ কিছু অবকাঠামোগত উন্নয়ন করলেই এ বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে বাধা থাকবে না বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এদিকে দেশের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের আটটি আঞ্চলিক বিমানবন্দর পুনরায় চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ তালিকায় কুমিল্লা বিমানবন্দরের নামও রয়েছে বলে জানা গেছে। বাকি সাতটি হলো বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর (মৌলভীবাজার), খানজাহান আলী (বাগেরহাট) ও পটুয়াখালী বিমানবন্দর।

কুমিল্লা বিমানবন্দর সূত্র মতে, ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেউরা-ঢুলিপাড়ার পাশে স্থাপিত হয় কুমিল্লা বিমানবন্দর। ১৯৬৬ সাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে এই বিমানবন্দর ব্যবহার করত সেনাবাহিনী। একই বছর বন্দরটি

সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ১৯৭৬ সাল পর্যন্ত টানা ১০ বছর বিমান ওঠানামা করে এই বিমানবন্দরে। যাত্রীসংকটে তা বন্ধ হয়ে যায়। পরে ১৯৯৪ সালে ফের বিমানবন্দরটি চালু করা হলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এয়ারলাইনসগুলো বিমান ওঠানামা বন্ধ করে দেয়। ওই সময়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইট চালু না থাকলেও মূলত দেশের অভ্যন্তরের ফ্লাইটগুলো চালু ছিল এ বন্দরে। এরপর ৩২ বছর ধরে এ বিমানবন্দরে বিমান না উড়লেও সচল রয়েছে কার্যক্রম।

এদিকে বিমান ওঠানামা না করলেও এই বন্দরের ডিভিওআর ও ডিএমই সিগন্যাল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের বিমান থেকে প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আয় করছে সরকার। প্রতিদিন এই বিমানবন্দর থেকে সিগন্যাল ব্যবহার করে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের অন্তত ২৫ থেকে ৩০টি বিমান আন্তর্জাতিক আকাশপথে চলাচল করে। বেশি চলাচল করে ভারতের অভ্যন্তরীণ রুটের বিমান। আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমানগুলো এই রুটে চলাচল করে থাকে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭৭ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত বিমানবন্দরটিতে এখন ভূতুড়ে পরিবেশ। হঠাৎ দেখে বোঝার উপায় নেই যে এটি একটি বিমানবন্দর। বেশির ভাগ এলাকায় চাষ করা হয়েছে গরুর ঘাস। রানওয়ের পিচ উঠে পাথরের কণা বের হয়ে এসেছে। জন্মেছে আগাছা। বিমানবন্দরের ভেতরে রয়েছে ছোট ছোট একাধিক পুকুর। টেক-অফ ও ল্যান্ডিংয়ের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়ম ভেঙে গড়ে উঠেছে বহু আবাসিক ভবন। জনবসতি গড়ে ওঠায় ভবিষ্যতে বিমান চলাচলে বাধা হবে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই বিমানবন্দর পুনরায় চালু করতে বেশি অর্থের প্রয়োজন নেই বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিপুল পরিমাণ জমি রয়েছে তাদের। অধিগ্রহণেরও ঝামেলা নেই। প্রয়োজন রানওয়ে কার্পেটিং, ফায়ার সার্ভিস ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল। বর্তমানে বিমানবন্দরে ২৪ জন কর্মকর্তা-কর্মচারী তিন শিফটে কাজ করছেন।

বিমানবন্দর লাগোয়া কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। এখানে দেশি-বিদেশি ৪৬টি শিল্পপ্রতিষ্ঠান পণ্য উৎপাদন করছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজার) তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড থেকে রপ্তানি করা হয়েছে ৯০২.২২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

এ ছাড়া কুমিল্লা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে এক নামে পরিচিত। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য মতে, গত পাঁচ বছরে এই জেলা থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ।

এসব প্রবাসীর বেশির ভাগকেই ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় দুটিই বাড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কুমিল্লা বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

কুমিল্লার ইতিহাসবিদ ও গবেষক আহসানুল কবীর কালের কণ্ঠকে বলেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে সার্বিক বিবেচনায় পুনরায় বিমানবন্দরটি চালু করে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার।

কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডা. আজম খান নোমান কালের কণ্ঠকে বলেন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগ আকৃষ্ট করতে কুমিল্লায় বিমানবন্দর পুনরায় চালু করা সময়ের দাবি। তাই সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের প্রতি অনুরোধ থাকবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার। 

কুমিল্লা বিমানবন্দরের সিএনএস প্রকৌশলী মো. নাসির উদ্দিন আহমদ কালের কণ্ঠকে বলেন, ‘বিমানবন্দরটির সমস্যা হলো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিমানবন্দরের চারপাশে বহু ভবন নির্মাণ করা হয়েছে। আগামী দিনে যেন বিমানবন্দর এলাকায় অপরিকল্পিতভাবে কোনো ভবন নির্মাণ না করতে পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি। একই সঙ্গে এই বিমানবন্দরের সিগন্যালের জন্য উন্নত প্রযুক্তির কার্যক্রম চলমান রয়েছে।’

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, অব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর একটি প্রস্তাব এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।