• ই-পেপার

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬

সচেতনতাই সমাধান

  • ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। লিভারের এই মারাত্মক রোগে প্রতিবছর সারা বিশ্বে মারা যায় প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ, আক্রান্ত মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ। হেপাটাইটিস কেন হয় এবং প্রতিরোধে করণীয় নিয়ে লিখেছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী

হেপাটাইটিস নির্মূল সম্ভব

অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দিন মল্লিক
হেপাটাইটিস নির্মূল সম্ভব

বিশ্বে প্রায় ২৮ কোটি ৭০ লাখ মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। সংক্রামক ব্যাধির মধ্যে সবচেয়ে মারাত্মক এটি। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, ভাইরাল হেপাটাইটিসের প্রায়ই কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না। তাই রোগ অগ্রসর হওয়ার আগে রোগীরা জানতেও পারে না যে তারা আক্রান্ত। যখন উপসর্গ দৃশ্যমান হয়, তত দিনে চিকিৎসা অনেক দেরি হয়ে যায়। ক্রনিক হেপাটাইটিস থেকে দেখা দেয় লিভার ক্যান্সার। যকৃতের ক্যান্সারের মূল কারণও এটি।

হেপাটাইটিস বি এবং সি সংক্রমণে বিশ্বে প্রতিবছর ১৩ লাখেরও বেশি মানুষ মারা যায়। নতুন করে শনাক্ত হয় ২০ লাখ রোগী। অথচ হেপাটাইটিস প্রতিরোধ ও নিরাময়যোগ্য রোগ। হেপাটাইটিস শনাক্তের কার্যকর পরীক্ষা, সাশ্রয়ী চিকিৎসা এবং হেপাটাইটিস বির টিকাও বাজারে রয়েছে। অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টায় চাইলে এই রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

হেপাটাইটিস নির্মূলে মূল বাধা সামাজিক কুসংস্কার এবং নীতিনির্ধারকদের সদিচ্ছার অভাব। অনেক ক্ষেত্রে হেপাটাইটিসে আক্রান্ত রোগীকে সামাজিকভাবে নিগৃহ হতে হয়। জানাজানি হওয়ার ভয়ে হেপাটাইটিসের সঠিক চিকিৎসা নিচ্ছে না অনেকেই। চিকিৎসা সহজলভ্য করা এবং সচেতনতা বৃদ্ধিতে নীতিনির্ধারকদের রয়েছে গড়িমসি।

আসুন, এই বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা একটি হেপাটাইটিসমুক্ত বিশ্ব গড়ার পথে বাধা হয়ে দাঁড়ানো প্রাচীরগুলো ভেঙে ফেলি। হেপাটাইটিস পরীক্ষা, চিকিৎসা এবং টিকাদান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান সবার কাছে পৌঁছে দিই। এর চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবাগুলো আরো বড় পরিসরে সহজলভ্য করা নিয়ে কাজ করাও জরুরি। এ জন্য প্রয়োজন জোরালো রাজনৈতিক প্রতিশ্রুতি, টেকসই বিনিয়োগ এবং জবাবদিহি নিশ্চিত করা। নীতিনির্ধারকদের সহযোগিতায় হেপাটাইটিসে আক্রান্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। হেপাটাইটিস নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে, যাতে কেউ চিকিৎসাবঞ্চিত না হয়।

 

লেখক : অধ্যাপক

লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ

প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ

খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

 

 

অ্যানাল ফিস্টুলা নিরাময়ের একমাত্র উপায় শল্যচিকিৎসা

ব্রি. জে. (অব.) অধ্যাপক ডা. মো. তানভীরুল ইসলাম
অ্যানাল ফিস্টুলা নিরাময়ের একমাত্র উপায় শল্যচিকিৎসা

পায়ুপথের নালিযুক্ত ঘায়ের মেডিক্যাল নাম অ্যানাল ফিস্টুলা। এর সাধারণত দুটি মুখ থাকে—একটি পায়ুপথের ভেতরে, অন্যটি বাইরে। তবে জটিল ক্ষেত্রে আরো কয়েকটি মুখ থাকতে পারে। পায়ুপথের গ্রন্থিতে প্রদাহ হয়ে ফোড়া হলে সেটি থেকে ফিস্টুলা হয়ে থাকে। এ ছাড়া পায়ুপথের আশপাশের স্থানে আঘাত, ক্রোনস ডিজিজ, অ্যানাল ফিশার, ক্যান্সার, টিবি বা রেডিয়েশন থেরাপির কারণেও এটি হয়ে থাকে।

 

উপসর্গ

♦ পায়ুপথে বারবার ফোড়া হওয়া এবং সেখান থেকে পুঁজ বা রক্ত মিশ্রিত রস বের হওয়া।

♦ পায়ুপথের আশপাশে ব্যথা ও ফোলা ভাব।

 

নির্ণয়

পায়ুপথ পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। এর মধ্যে আছে ডিজিটাল রেক্টাল এক্সাম, প্রক্টোস্কোপ বা প্রোবিং পরীক্ষা। রোগের জটিলতা নির্ণয়ে বেশ কিছু বিশেষ পরীক্ষা করা হয়; এর মধ্যে আছে—

 

♦ ফিস্টুলার ভেতরের মুখ বের করার জন্য ফিস্টুলোগ্রাম এক্স-রে।

 

♦ নালির সংখ্যা, গতিপথ, স্ফিংটার ও একাধিক ফোড়ার সংযোগের স্থান বের করতে এন্ডোঅ্যানাল আলট্রাসাউন্ড এবং এমআরআই।

 

♦ পায়ুপথের মল ধরে রাখার ক্ষমতা পরিমাপ করার জন্য অ্যানাল ম্যানোমেট্রি।

 

জটিলতা

ফিস্টুলায় একাধিক নালি থাকলে, একাধিক অপারেশনে উপশম না হলে বা রেডিওথেরাপি গ্রহণকারীদের ফিস্টুলা হলে সেটি জটিল ফিস্টুলা। এসব রোগীর মল ধরে রাখার ক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

 

চিকিৎসা

ওষুধে ফিস্টুলা নিরাময় সম্ভব নয়, অপারেশনই একমাত্র স্থায়ী সমাধান। ফিস্টুলা নির্মূল করা, পুনরায় হওয়া রোধ করা এবং মল ধরে রাখার ক্ষমতা অক্ষুণ্ন রাখাই শল্যচিকিৎসার মূল লক্ষ্য। রোগীর প্রয়োজনভেদে অপারেশনের পদ্ধতি নির্বাচন করা হয়। প্রচলিত অপারেশন পদ্ধতির মধ্যে রয়েছে—

♦ ফিস্টুলোটোমি : ৮৫-৯৫ শতাংশ রোগীর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর চিকিৎসা এটি।

♦ সেটন পদ্ধতি : জটিল ফিস্টুলা ও ফোড়া নিয়ন্ত্রণের জন্য।

♦ লিফট অ্যান্ড লেজার পদ্ধতি : অতিরিক্ত কাটাছেঁড়া ছাড়াই উন্নত পদ্ধতির অপারেশন।

এ ছাড়া অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ, ভিএএফটি এবং ফিস্টুলেক্টোমির মাধ্যমেও চিকিৎসা করা যায়। বেশির ভাগ ক্ষেত্রে রোগী ১-২ দিনে হাসপাতালে থেকে বাড়ি ফিরতে পারে।

 

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ

 ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল

 

নীরবেই হয়

হেড-নেক ক্যান্সার

২৭ জুলাই বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস। এই রোগের লক্ষণ সম্পর্কে সচেতনতার অভাবে এ ধরনের ক্যান্সারে মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি। লিখেছেন অধ্যাপক ডা. মো. মোসলেহ্ উদ্দিন

হেড-নেক ক্যান্সার
ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি নিচ্ছে রোগী। ছবি : সংগৃহীত

বিশ্বের মোট ক্যান্সার রোগীদের মধ্যে সংক্রমণের হার অনুযায়ী হেড-নেক ক্যান্সারের অবস্থান সপ্তম। দক্ষিণ এশিয়ার কিছু দেশে মোট রোগীর এক-চতুর্থাংশই হেড-নেক ক্যান্সারে আক্রান্ত। অন্যান্য সাধারণ রোগের সঙ্গে এর প্রাথমিক উপসর্গ অনেকটাই মিলে যায়, তাই রোগীরা বুঝতেও পারে না দেহে এই মারণব্যাধি বাসা বেঁধেছে। ফলে হেড-নেক ক্যান্সারে মৃত্যুর হারও অপেক্ষাকৃত বেশি, ৫০ থেকে ৬২ শতাংশ রোগী এতে মারা যায়। হেড-নেক ক্যান্সার থেকে বাঁচতে হলে এর কারণ ও উপসর্গের বিষয়ে জানা প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য, ‘সচেতনতা থেকে কর্মপ্রণয়ন, হেড-নেক ক্যান্সারের বিরুদ্ধে এক বিশ্ব এক কণ্ঠ’। অর্থাৎ সচেতনতার পাশাপাশি ক্যান্সার মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত লড়াইয়ের পরিকল্পনা ও বাস্তবায়ন।

 

হেড-নেক ক্যান্সার কী

মস্তিষ্ক ও চোখ ছাড়া মাথা ও গলার অন্যান্য অংশের ক্যান্সারকে বলা হয় হেড-নেক ক্যান্সার। এর মধ্যে আছে সাইনাস, মুখগহ্বর, জিহ্বা, গলা, লালাগ্রন্থি, স্বরযন্ত্র, থাইরয়েড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ।

 

লক্ষণ

হেড-নেক ক্যান্সারের উপসর্গের সঙ্গে অন্য অনেক রোগের মিল আছে। ফলে এটি সহজে শনাক্ত হয় না। যেমন—

♦ গলায় দীর্ঘমেয়াদি ক্ষত

♦ গলা ফুলে যাওয়া, বসে যাওয়া, কণ্ঠস্বর পরিবর্তন

♦ মুখগহ্বরের ঘা না শুকানো

♦ খাবার গিলতে অসুবিধা ইত্যাদিকে হেড-নেক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়।

অনেক সময় এক অংশের ক্যান্সারে অন্য কোথাও উপসর্গ দেখা দিতে পারে; যেমন—গলার সমস্যার জন্য কানে ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে। নাক ও সাইনাসে ক্যান্সার হলে নাক বন্ধ, নাক থেকে রক্ত যাওয়া, মাথা ব্যথা হতে পারে। চোখের কাছাকাছি ক্যান্সার হলে দৃষ্টির পরিবর্তন বা চোখের আশপাশে ফুলে যেতে পারে।

 

কেন হয়

দুঃখজনক হলেও সত্য, অনেক রোগীর ক্ষেত্রে হেড-নেক ক্যান্সারের প্রকৃত কারণ অজানাই রয়ে যায়। বংশে এই রোগের ইতিহাস থাকলে ঝুঁকি বৃদ্ধি পায়। অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে এই ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ে। এর মধ্যে আছে ধূমপান (সিগারেট, সিগার, পাইপ ইত্যাদি), সাদা পাতা-জর্দা সেবন, গুল মুখে রেখে দেওয়া, অতিরিক্ত মদ্যপান, অনিয়ন্ত্রিত যৌনকর্ম ইত্যাদি। সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত জীবনযাপনে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

 

করণীয়

ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখা দিলে আতঙ্কিত হওয়া যাবে না। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় মেডিক্যাল কলেজগুলোতে এর চিকিৎসা রয়েছে। দীর্ঘদিন মুখের ঘা, কণ্ঠস্বরের পরিবর্তন, গিলতে অসুবিধা, নাক দিয়ে রক্ত পড়া বা ঘাড়ে ফোলা দেখা দিলে অবহেলা না করে দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে বেশির ভাগ ক্ষেত্রেই চিকিৎসা সম্ভব। ক্যান্সার যত আগে ধরা পড়বে, চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা ততটাই বাড়বে।

 

চিকিৎসা ও চ্যালেঞ্জ

বেশির ভাগ রোগীর ক্ষেত্রে হেড-নেক ক্যান্সারের চিকিৎসায় শল্যচিকিৎসার মাধ্যমে টিউমার অপসারণ করা প্রয়োজন। অপারেশনের পরও রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হতে পারে। এ দুই ধরনের থেরাপির ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসাব্যবস্থা কিছুটা পিছিয়ে। তাই প্রতিবছরই অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে দেশের, দরিদ্র রোগীরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা নিরসনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হেড-নেক সার্জারি বিভাগের উন্নত প্রশিক্ষণের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করে প্রশিক্ষিত চিকিৎসকসংখ্যা বাড়ানো জরুরি। এর পাশাপাশি অনকোলজি বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহও নিশ্চিত করতে হবে। থেরাপি প্রদানের জন্য অভিজ্ঞ জনশক্তি গড়ে তোলাও জরুরি। এতে রোগীদের বিদেশমুখিতা অনেকাংশে কমবে, আবার উন্নত চিকিৎসা প্রাপ্তিতে অর্থসংস্থানও বাধা হয়ে দাঁড়াবে না।

 

লেখক : সাবেক প্রধান

হেড-নেক সার্জারি

নাক-কান-গলা বিভাগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

 

 

 

অনিদ্রা কাটাতে করণীয়

অনিদ্রা কাটাতে করণীয়